সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া চার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাভেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ।অনুসন্ধান কমিটির প্রস্তাবের আলোকে গতকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই নিয়োগ দেন। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাংবিধানিক পদ হিসেবে সিইসিসহ কমিশনারদের মেয়াদ হবে পাঁচ বছর।নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে নতুন সিইসি প্রথম আলোকে বলেন, ‘এটা সাংবিধানিক পদ। শপথ নেওয়ার পর প্রতিক্রিয়া জানাব।’নতুন কমিশনাররা আজ শপথ নেবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, প্রস্তুতি আছে। বৃহস্পতিবার শপথ হতে পারে। প্রধান বিচারপতি তাঁদের শপথ পড়াবেন।গত মঙ্গলবার অনুসন্ধান কমিটি এই নিয়োগের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে জমা দেয়। তাঁদের মধ্য থেকে একজন সিইসি ও চার কমিশনার নিয়োগ দেওয়া হলো।নতুন সিইসি কাজী রকিব উদ্দিন সর্বশেষ ২০০৩ সালে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে অবসরে যান। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ছাড়াও কয়েকটি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন তিনি। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরের বছর পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি।নতুন কমিশনার আবু হাফিজ সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ২০০৭ সালে অবসরে যান। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারীতে। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতের মতো সৎ ও নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করব।’কমিশনার আবদুল মোবারক ২০০৫ সালের ৩১ মে যুগ্ম সচিব পদে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অবসরে যান। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।নির্বাচন কমিশনার জাভেদ আলী ২০০৯ সালের ২৫ মার্চ থেকে ২০১১ সালের ২৪ মার্চ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ছিলেন। পরে অবসরে যান। তাঁর বাড়ি নওগাঁয়।অপর কমিশনার মো. শাহনেওয়াজ অবসরে যান ২০০৮ সালের সেপ্টেম্বরে। তিনি সর্বশেষ টাঙ্গাইলে জেলা জজ ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরে।