নতুন সিটি করপোরেশন গঠনে আইনি পদক্ষেপ
নতুন সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে প্রাথমিক আইনি পদক্ষেপ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি বিধিমালা প্রণয়ন করেছে। সিটি করপোরেশন আইন ২০০৯-এর ১২০ এবং ৩(৩) ধারা অনুযায়ী প্রণীত এই বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে ১০ জানুয়ারি। এ বিধিমালার নাম ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১১’।এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘এখন থেকে নতুন সিটি করপোরেশন গঠন করতে হলে এই বিধি মানতে হবে। শিগগির এই বিধির আওতায় ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের কয়েকটি পৌরসভা নিয়ে একাধিক সিটি করপোরেশন গঠন করা হবে।’ তিনি বলেন, প্রায় দেড় কোটি লোকের বিশাল ঢাকা শহরকে একটি সিটি করপোরেশনের পক্ষে সামাল দেওয়া অসম্ভব। বিষয়টি উপলব্ধি করে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।সিটি করপোরেশন গঠনের মানদণ্ড: নতুন সিটি করপোরেশন গঠনের ক্ষেত্রে এই বিধিমালায় বিভিন্ন শর্ত রয়েছে। সূত্র জানায়, বিধিমালায় বলা হয়েছে, বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যা ন্যূনতম চার লাখ এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ন্যূনতম তিন হাজার হতে হবে; স্থানীয় আয়ের উৎস বার্ষিক ন্যূনতম পাঁচ কোটি টাকা হতে হবে; প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হতে হবে; প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামোগত সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণ করা যাবে; বিদ্যামান পৌরসভার বার্ষিক আয় ন্যূনতম ১০ কোটি টাকা হতে হবে; প্রস্তাবিত এলাকায় সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় জনমত অনুকূলে থাকতে হবে এবং আয়তন ন্যূনতম ২৫ বর্গকিলোমিটার হতে হবে।গণবিজ্ঞপ্তি দিতে হবে: সূত্র জানায়, বিধিমালায় আছে, কোনো পৌর এলাকায় নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রস্তাবিত এলাকার অধিবাসীদের কাছ থেকে সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দিতে পারবে। নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা প্রশাসক সংশ্লিষ্ট এলাকার মৌজা বা মৌজাগুলোর জেএল নম্বর ও নাম এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দাগ নম্বরসহ নির্দেশিত অন্যান্য তথ্য উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। এটি বহুল প্রচারিত একটি জাতীয় বাংলা ও একটি ইংরেজি দৈনিক এবং একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। এ ছাড়া ওই পৌর এলাকার কয়েকটি বহুল পরিচিত প্রকাশ্য স্থানে বিজ্ঞপ্তিটি প্রদর্শন করতে হবে। গণবিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার যেকোনো অধিবাসী গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে তাঁর মতামত বা আপত্তি থাকলে তা জেলা প্রশাসকের কাছে দাখিল করবেন।গণবিজ্ঞপ্তি জারির পর কোনো আপত্তি পাওয়া গেলে তা পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় শুনানির সুযোগ দিয়ে জেলা প্রশাসক সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে তাঁদের মতামত সরকারের কাছে একটি প্রতিবেদন আকারে পেশ করবেন।ওই প্রতিবেদন পাওয়ার পর কোনো পৌর এলাকাকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেওয়া হলে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে তা ঘোষণা করা হবে। বিধিমালার ৬ ধারার অধীন কোনো পৌর এলাকায় নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠার কারণে কোনো পৌরসভা পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দিলে সরকার এ সম্পর্কে আইন ও এই বিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়, এমন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।জানা গেছে, ঈদুল আজহার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন এলাকার সাংসদদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানকও উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন মেয়র ও ৯০ জন কাউন্সিলরের পক্ষে দেড় কোটি নাগরিককে কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব নয়। তাই ঢাকাকে দুটি সিটি করপোরেশনে ভাগ করতে হবে।বর্তমান ঢাকা সিটি করপোরেশনের আয়তন প্রায় ৩৬০ বর্গকিলোমিটার। ভোটার সংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার ৬৯০ জন। সর্বশেষ ২০০২ সালের ২৪ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হয়। এর মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে।চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়তন প্রায় ১৫৫ দশমিক ৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। ভোটার সংখ্যা ১৭ লাখ তিন হাজার ৯৯২ জন।প্রায় ২৭ বর্গকিলোমিটার আয়তনের সিলেট সিটি করপোরেশন এলাকার লোকসংখ্যা প্রায় সাত লাখ। রাজশাহী সিটি করপোরেশনের আয়তন প্রায় ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় চার লাখ। ৪৫ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ছয় লাখ। আর খুলনা সিটি করপোরেশনের আয়তন ৪৫ দশমিক ৬৫ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় ১৫ লাখ।