নতুন সিটি করপোরেশন গঠনে বিধি প্রণয়ন হচ্ছে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নতুন সিটি করপোরেশন গঠনের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর আওতায় বিধি প্রণয়ন করা হচ্ছে। এ বিধি প্রণয়নের পর নতুন সিটি করপোরেশন গঠনের বিষয়টি বিবেচনা করা হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ লুত্ফুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা ওয়াসা পানি সরবরাহে বর্তমানে শতকরা ৮৭ ভাগ ভূগর্ভস্থ ও ১৩ ভাগ ভূউপরিস্থ পানির ওপর নির্ভরশীল। আর চট্টগ্রাম ওয়াসা শতকরা ৫৫ ভাগ ভূগর্ভস্থ ও ৪৫ ভাগ ভূউপরিস্থ পানির ওপর নির্ভরশীল। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর ২-৩ মিটার নিচে নেমে যাচ্ছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির গভীরতার অবস্থানও বিভিন্ন রকম। যেমন-মতিঝিলে ভূগর্ভস্থ পানির অবস্থান ৬৩-৬৫ মিটার গভীরে রয়েছে। আবার খিলগাঁওয়ে এ অবস্থান ৮০-৮২, উত্তরায় ৩০-৩১, বনানীতে ৬০-৭০ ও মিরপুরে ৭০-৭২ মিটার গভীরে রয়েছে। সাংসদ বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গ্রামপুলিশদের রেশন-ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে বিকেল চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। তবে বিএনপির সাংসদরা যথারীতি আজও সংসদে যোগ দেননি।