নতুন সিদ্ধান্ত, চ্যাম্পিয়ন আলম বলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে দিদার আর মর্ম সিং ত্রিপুরা বলী ফাইনাল খেলছেন। এবারও তাঁরা দুজনই ফাইনালে উঠেছেন। দর্শকদের আগ্রহ ছিল, এবার কে হবেন চ্যাম্পিয়ন। দুজনের লড়াই শুরু হয় বিকেল সোয়া পাঁচটায়। ৪৮ মিনিট ধরে চলে তাঁদের লড়াই। দিদার তিনবার মর্মকে ধরাশায়ীও করেছিলেন। কিন্তু পিঠ মাটিতে লাগাতে পারেননি। তাঁদের সমানে সমান লড়াইয়ে একসময় অধৈর্য হয়ে ওঠেন দর্শকেরা। শেষ পর্যন্ত তাঁদের কেউই এবারের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হতে পারলেন না। নাটকীয়ভাবে এবার চ্যাম্পিয়ন হলেন টেকনাফের আলম বলী।চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা হয় আজ রোববার। বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বলীখেলায় পৃষ্ঠপোষকতা (স্পন্সর) করেছে। এ প্রতিযোগিতায় গত আট বছরে পাঁচবার যুগ্ম চ্যাম্পিয়ন হন দিদার ও মর্ম বলী। আজ টানা ৪৮ মিনিট লড়ে কেউ কাউকে হারাতে পারছিলেন না। দর্শক ও অতিথিরা বিরক্ত হয়ে ওঠেন। একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ মেলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, প্রাথমিক রাউন্ডে জয়ী চার বলীকে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে ডাকা হবে। দিদার ও মর্মকে বাদ দেওয়া হবে। হলোও তাই। আলম, নাছির, লিয়াকত আলী, নূর মোহাম্মদকে মাঠে নামানো হয়। তাঁদের মধ্যে আলম বলী নাছিরকে আর লিয়াকত বলী নূর মোহাম্মদকে হারিয়ে ফাইনালে ওঠেন। ফাইনালের লড়াইয়ে আলম বলী হারান লিয়াকতকে। তৃতীয় হন নূর মোহাম্মদ। এর আগে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা বা বলীখেলায় যৌথ ও এককভাবে দিদার বলী মোট সাতবার এবং মর্ম সিং ছয়বার চ্যাম্পিয়ন হন। গত দুইবার তাঁরা যুগ্ম চ্যাম্পিয়ন হন। আজও কোনো ফল না হওয়ায় এক পর্যায়ে মঞ্চে অতিথির আসনে বসা মেয়র মহিউদ্দিন মাইকে এসে তাঁদের দুই দফা আলটিমেটাম দেন। মেয়র বলেন, ‘এবার আর যুগ্ম চ্যাম্পিয়ন হলে চলবে না। একজনকে হারতে হবে।’ বেঁধে দেওয়া সময়ে কেউ কাউকে হারাতে না পারায় মেয়র ঘোষণা দেন, এ দুই বলী আগামী আসরে আর খেলতে পারবেন না। পাশাপাশি অতিথি ও বিচারকেরা নতুন চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য চার বলীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। এর আগে বিভিন্ন জেলার প্রায় ৯০ জন কুস্তিগির বা বলী বাদ্যযন্ত্রের তালে তালে বলীখেলায় অংশ নেন। এদের মধ্যে আরাফাত (৯) আরমানের (৮) মতো শিশু বলী যেমন ছিল, তেমনি ছিলেন হাটহাজারীর মফিজের মতো পঞ্চাশোর্ধ্ব বলীও। বিকেলে বেলুন উড়িয়ে আবদুল জব্বার স্মৃতি শতবর্ষী বলীখেলার উদ্বোধন করেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ও বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড বিশ্বজিত্ পাল। নতুন চ্যাম্পিয়ন ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র ও অতিথিরা। চ্যাম্পিয়নকে সোনার মেডেল দেওয়ার ঘোষণাও দেন মেয়র। এ ছাড়া চ্যাম্পিয়নকে নগদ ১৫ হাজার ও রানারআপকে নগদ ১০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। ১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বার এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার সূচনা করেন।