নতুন হজ প্যাকেজ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার হজ প্যাকেজ ২০১৩-এর খসড়া প্রস্তাব পাস হয়েছে। সরকারি উদ্যোগে হজে পাঠানোর ক্ষেত্রে হজযাত্রীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় রেখে দুটি প্যাকেজ রাখা হয়েছে। এ বছর মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাঁঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার হজযাত্রী। বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ প্রস্তাব পাস হয়।সভা শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, প্যাকেজ-১-এর আওতায় প্রত্যেক হজযাত্রীর সর্বোচ্চ খরচ পড়বে তিন লাখ ৪৭ হাজার ২৭ টাকা এবং প্যাকেজ-২-এর আওতায় পড়বে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। এর বাইরে কোরবানির জন্য প্রত্যেক হজযাত্রীকে ৪৫০ সৌদি রিয়াল (প্রায় নয় হাজার ৪২৫ টাকা) দিতে হবে।মোশাররাফ হোসাইন বলেন, প্যাকেজ-১-এর আওতাধীন হজযাত্রীদের বাসাভাড়া ও অন্যান্য খরচের জন্য এক লাখ ৫০ হাজার ৫৯১ টাকা এবং প্যাকেজ-২-এর আওতাধীন হজযাত্রীদের ৮৩ হাজার ৭৯০ টাকা দিতে হবে।বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ সরকারি ব্যবস্থাপনার চেয়ে কম হবে না বলেও জানান মন্ত্রিপরিষদের সচিব।মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৩’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম প্রশাসনিক বিধি ১৯০০’-এর সংশোধনী প্রস্তাব পাস হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় জুম চাষ নিয়ন্ত্রণ ও জুম কর আদায়ের ক্ষমতা জেলা প্রশাসকের কাছ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানের ওপরে ন্যস্ত করা হয়েছে।