নতুন ১০ ইঞ্জিন কিনছে রেলওয়ে
ভারতের কাছ থেকে ১০টি ডিজেলচালিত ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে। এতে তিন কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি ব্যয় হবে। রেল ভবনে আজ মঙ্গলবার রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টকস) খলিলুর রহমান ও ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের মেসার্স রাইটস লিমিটেডের নির্বাহী পরিচালক ভি কে জেইনের মধ্যে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, রেলসচিব ফজলে কবির এবং ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। চুক্তি অনুসারে ভারতের পাবলিক সেক্টর কোম্পানি আগামী দেড় বছরের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে।অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ইঞ্জিনগুলো চালু হলে বাংলাদেশে রেল সেবার পথ আরও প্রশস্ত হবে। তিনি যথাসময়ে ইঞ্জিন সরবরাহের জন্য ভারতীয় ওই কোম্পানির প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, ইঞ্জিন সংকটে রেলওয়ের সময়সূচি প্রায়ই ভেঙে পড়ছে। ইউএনবি।