নতুনভাবে প্রতিবেদন খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিনেটের একটি উপকমিটি বাংলাদেশের দুটি ব্যাংকের সন্ত্রাসী অর্থায়নে সম্পৃক্ত থাকার যে অভিযোগ তুলেছে, নতুনভাবে সেই প্রতিবেদনটি খতিয়ে দেখতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, এটি পুরোনো ইস্যু। এ প্রতিবেদনেই বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইতিপূর্বে এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নিয়েছে। গতকাল বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।মূলত মেক্সিকোর মাদক ব্যবসার অবৈধ অর্থ যুক্তরাষ্ট্রের অর্থবাজারে প্রবেশের ঘটনা অনুসন্ধানে গঠিত মার্কিন সিনেটের একটি উপকমিটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন বা এইচএসবিসির সন্ত্রাসী অর্থায়ন ও মানি লন্ডারিং কর্মকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ পায়। গত সোমবার সিনেট কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার মার্কিন সিনেটে এ প্রতিবেদনের শুনানির সময় এইচএসবিসির প্রধান ইরিন এ ড্রোনার এর দায়দায়িত্ব স্বীকার করে নেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সে জন্য সতর্ক থাকার অঙ্গীকার করেন।এই প্রতিবেদনেই বাংলাদেশের ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবৈধ অর্থের লেনদেন এবং সন্ত্রাসবাদে অর্থের জোগানে সহযোগিতা দেওয়ার মতো অপরাধের কথা বলা হয়েছে। এ ধরনের কাজে এই ব্যাংক দুটিকে সহযোগিতা দিয়েছে এইচএসবিসি। এই ব্যাংকের দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশের ব্যাংক দুটিসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী অর্থায়ন এবং মাদক ব্যবসার অবৈধ অর্থ যুক্তরাষ্ট্রে ঢোকে বলে মনে করে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, এ প্রতিবেদনেই বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইতিপূর্বে কী ধরনের ব্যবস্থা নিয়েছে, জরিমানা করেছে। এন্ট্রি মানি লন্ডারিং বিষয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত শক্ত। সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন সফটওয়্যার সংযোগ করা হচ্ছে।ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, দুটি ব্যাংকের এ ঘটনা ২০০৫-০৭ সময়কালের। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সে সময়ে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করেছে, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় আরও অনুসন্ধান করে বাংলাদেশের আইনের মধ্যে থেকে যা করণীয়, তা করা হবে।