নতুনের খোঁজে সাব্বিরের বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বরিশাল প্রাইভেট (বিপিএল)’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন অভিনয়শিল্পী ও পরিচালক মীর সাব্বির। আর এ নাটকের জন্য অভিনয়ে আগ্রহী ও পারদর্শী কিছু নতুন মুখের খোঁজে নামছেন সাব্বির। এরই মধ্যে নাটকটির কাহিনি লেখা প্রায় শেষের দিকে। মূলত বরিশালের অভিনয়শিল্পীদের নিয়েই এ নাটকটি নির্মাণ হবে। তবে নাটকের গল্পের প্রয়োজনে প্রতিষ্ঠিত অন্য অঞ্চলের কয়েকজন অভিনয়শিল্পীও কাজ করবেন বলে জানান বিপিএল ধারাবাহিকের নাট্যকার ও পরিচালক মীর সাব্বির।মীর সাব্বির বলেন, ‘বরিশাল অঞ্চলের এমন অনেকেই আছে, যারা অভিনয় করতে আগ্রহী কিন্তু সেভাবে সুযোগ মিলছে না, তাদেরকে এ নাটকের মাধ্যমে অভিনয়ে সুযোগ করে দেওয়ার জন্য এই উদ্যোগ। ২০ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত বরিশাল অঞ্চলের আগ্রহী যে কেউই বিপিএল এ অভিনয়ের জন্য আবেদন করতে পারবে। তবে বিপিএল ধারাবাহিকটিতে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে অবশ্যই একটি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’বাছাই প্রক্রিয়া সম্পর্কে মীর সাব্বির বলেন, ‘আমরা বরিশাল অঞ্চলের প্রতিষ্ঠিত গুণী অভিনয়শিল্পীদের সমন্বয়ে একটি বিচারক প্যানেল করব। তাঁরাই মূলত অভিনয়শিল্পী চূড়ান্ত করবেন।’শুধু তা-ই নয়, মীর সাব্বির তাঁর পরবর্তী ঈদের নাটকেগুলোতে তাঁদের অভিনয়ের সুযোগ করে দেবেন।মীর সাব্বির এও বলেন, শিগগিরই শুরু হবে বাছাই প্রক্রিয়া। বরিশালের অভিনয়ে আগ্রহীরা সরাসরি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন রাজন-০১৭১২৭৮৯০৩৫ নম্বরে। সরাসরি এ নম্বরে ফোন করে প্রাথমিক পরীক্ষার নির্ধারিত সময় জেনে নেওয়া যাবে। তবে এ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ফি লাগবে না বলেও জানান তিনি।এদিকে মীর সাব্বির আজ শুক্রবার উত্তরায় ‘মাঝে মাঝে কিছু গল্প শেষ হয় না’ নামের এক ঘণ্টার একটি নাটকের শুটিং করছেন। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। এটিতে তাঁর সহশিল্পী হলেন নওশীন ও হিল্লোল। জানালেন, ঈদের জন্য নাটকটি নির্মিত হচ্ছে।