নথি খুঁজতে আরও সময় চেয়েছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের নথি ঢাকার জেলা জজ আদালতের রেকর্ড কক্ষে সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত হতে এবং নথি খুঁজে বের করতে গতকাল মঙ্গলবার আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক আইন প্রত্যাহারের আদেশে নথি সংরক্ষণের জন্য ঢাকার জেলা জজ আদালতের কথাই বলা ছিল। সে অনুযায়ী গোপন বিচারের নথি সেখানে থাকার কথা। এদিকে কর্নেল তাহেরের গোপন বিচারের নথি তিন সপ্তাহের মধ্যে আদালতে পেশ করার কথা বলা হলেও ৪৩ দিন পর গত সোমবার আদালতের নির্দেশনা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট এই নথি তলব করেন হাইকোর্ট। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়কসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত রুলের জবাব দিতে বলা হয়। সে অনুযায়ী গত সেপ্টেম্বরে এ নথি আদালতে পাঠানোর কথা।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার আমরা আদালতের নির্দেশনা পেয়েছি। আদালতের নির্দেশ হাতে না পাওয়া পর্যন্ত কোনো কাজে সঠিকভাবে এগোনো যায় না। এ নথি খোঁজা হচ্ছে। এ জন্য আমরা আদালতের কাছে সময় বাড়িয়ে দেওয়ার আবেদন করেছি।’আইনসচিব আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, আদালতের রায় কী, নথি কোথায়, তা-ও তিনি জানেন না।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত জানান, তিনি গতকাল পর্যন্ত এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাননি। তবে এসব ব্যাপারে তাঁরা তেমন কিছু জানেন না। তবে নির্দেশনা পাওয়ার আগে রায়ের দিন থেকে নথি খুঁজতে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি বৈঠকও করেছে।সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু-এক দিনের মধ্যেই ঢাকা জেলা জজ আদালতে নথি খোঁজার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেবে।