নথি চুরির দায়ে পোপের সাবেক খানসামার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু গুরুত্বপূর্ণ নথি চুরির দায়ে পোপ বেনেডিক্টের সাবেক খানসামা পাওলো গ্যাব্রিয়েলকে আজ শনিবার ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্যাটিকানের একটি আদালত।বিবিসির খবরে বলা হয়, কৌঁসুলিরা চেয়েছিলেন গ্যাব্রিয়েলকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হোক; কিন্তু চুরির ব্যাপারটি আগেই ফয়সালা হয়ে যাওয়ায় আদালত শাস্তি কমিয়ে দেন।রায়ের আগে গ্যাব্রিয়েল বলেন, তিনি চার্চের একজন ভক্ত এবং নিজেকে তিনি চোর বলে মনে করেন না। গ্যাব্রিয়েল চুরির কথা অস্বীকার করলেও এ কথা স্বীকার করেছেন যে, কিছু নথি ফটোকপি করে তিনি ‘পবিত্র পিতার বিশ্বাসের সঙ্গে বেইমানি’ করেছেন।গ্যাব্রিয়েলের পক্ষের আইনজীবী ক্রিস্টিনা আরু চেয়েছিলেন গ্যাব্রিয়েলের শাস্তি কমিয়ে দেওয়া হোক; কিন্তু রায়ের পর তিনি বলেন, যে শাস্তি দেওয়া হয়েছে তা ‘ভালো’ এবং ‘সন্তোষজনক’। তিনি বলেন, রায়ের লিখিত কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না।ধারণা করা হচ্ছিল, গ্যাব্রিয়েলের সাত বছরের মনিব পোপ বেনেডিক্ট তাঁকে ক্ষমা করে দেবেন।গ্যাব্রিয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি পোপের কিছু নথি চুরি ও ফটোকপি করে এক ইতালীয় সাংবাদিকের কাছে পাচার করেছিলেন।প্রায় এক সপ্তাহ বিচার চলার পর বিচারকেরা এই রায় দিলেন। অপরাধের প্রামাণ্য দলিল না থাকায় প্রধান বিচারক গুইসেপ দাল্লা টোরে অভিযুক্তকে তিন বছরের শাস্তি দিলেও পরে তা কমিয়ে দেড় বছর করে দেন।মামলার শুনানিতে বলা হয়, গ্যাব্রিয়েলের দপ্তর ছিল পোপের লাইব্রেরি-সংলগ্ন। এ সুযোগে তিনি পোপের হাজার হাজার নথি ফটোকপি করেন। এরপর কিছু নথি পাচার করেন সাংবাদিক জিয়ানলুইগি নুজ্জির কাছে।২০১০ সালে নুজ্জি ‘হিস হলিনেস’ শিরোনামে একটি বই প্রকাশ করেন। এতে ভ্যাটিকানের বিভিন্ন দুর্নীতি, অপরাধ ও অন্তঃকলহের কথা ফাঁস করে দেওয়া হয়।ওই বইয়ে যেসব নথি দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সূত্র ধরে তদন্ত চালাতে গিয়ে নথি ফাঁসের সঙ্গে গ্যাব্রিয়েলের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় এবং এ বছরের মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।আদালতকে পুলিশ জানায়, গ্যাব্রিয়েলের বাসায় আরও কয়েক হাজার নথি পাওয়া গেছে। এগুলোর মধ্যে এমন নথিও ছিল যেগুলো নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছিলেন পোপ।গত জুন মাসে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্যাব্রিয়েল তাঁর অপরাধ স্বীকার করে নেন। আদালতে তিনি কৌঁসুলিদের বলেন, তাঁর উদ্দেশ্য ছিল ভ্যাটিকানের দুর্নীতি প্রকাশ করে দেওয়া। তিনি আরও বলেন, তাঁর বিশ্বাস, কিছু কিছু মানুষ পোপকে অপব্যবহার করছেন।