নথি ব্যবস্থাপনার চিত্র নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে নথি ব্যবস্থাপনার চিত্র এখনো নাজুক। এ বিষয়টিকে সে অর্থে গুরুত্ব দেওয়া হচ্ছে না। জাতীয় আর্কাইভসে আছে বাজেট বরাদ্দের স্বল্পতা এবং দক্ষ জনবলসংকট। গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশে নথি ব্যবস্থাপনা: সমস্যা ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। নথি ব্যবস্থাপনার উন্নয়নে মূলধারার শিক্ষায় ও বনিয়াদি প্রশিক্ষণে এ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেন আলোচকেরা। তাঁরা এ বিষয়ে গবেষণা এবং সরকারি-বেসরকারি পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন।আজ রোববার আন্তর্জাতিক আর্কাইভস দিবস উপলক্ষে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।প্রথম আলোর উপদেষ্টা (গবেষণা ও আর্কাইভস) মুহাম্মদ লুৎফুল হক মূল প্রতিবেদনে নথি ব্যবস্থাপনার বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জাতীয় আর্কাইভসকে শক্তিশালী করা, পাবলিক রেকর্ডস অ্যাক্ট প্রণয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস নথি ব্যবস্থাপনার বিষয়টিকে সভ্যতার সমান বয়সী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়টিতে যতটুকু মনোযোগ দেওয়া দরকার ছিল, তা দেওয়া সম্ভব হয়নি। তবে নথি রক্ষা করতে হবে এ বিবেচনা সরকারের সব সময় আছে বা ছিল। আর তার ফলেই বাংলাদেশে ১৭৬০ সালের নথিও পাওয়া যাচ্ছে। সমাপনী বক্তব্যে রণজিৎ কুমার বিশ্বাস বনিয়াদি প্রশিক্ষণে নথি ব্যবস্থাপনার বিষয়টি অন্তর্ভুক্ত করা, জেলা প্রশাসকদের জেলার রেকর্ড রুম সংরক্ষণের জন্য তাগিদ দিয়ে চিঠি পাঠানোসহ বৈঠকের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন। আলোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা নথি ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ের নির্দেশনা আবার সংশোধনী করা হচ্ছে বলে জানান। এর আগে ২০০৮ সালে এ নির্দেশনায় সংশোধনী আনা হয়। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা নথি মূল্যায়ন করেন। নির্দেশনা অনুযায়ী শ্রেণী বিভাজন করেন। তারপর সেই নথি জাতীয় আর্কাইভসে পাঠান। তাই এই কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া জরুরি। এ ছাড়া গবেষণা করার জন্য উৎসাহী ব্যক্তিরা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিষ্ঠাতা পরিচালক খোন্দকার মাহবুবুল করিম। বয়োবৃদ্ধ খোন্দকার মাহবুবুল করিম জাতীয় আর্কাইভস প্রতিষ্ঠার ইতিহাসে ডুব দেন। সে সময়কার সংগ্রামের কাহিনি তুলে ধরেন।খোন্দকার মাহবুবুল করিম বলেন, নথির মালমসলার উৎসকে গুরুত্ব দিতে হবে। আর এ মালমসলা দিচ্ছেন প্রশাসকেরা। তাঁদের যথাযথভাবে নথি সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়কে নথি ব্যবস্থাপনার মূল দায়িত্ব নিতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সাবেক পরিচালক শরীফ উদ্দিন আহমেদ নথি ব্যবস্থাপনার স্তর প্রসারিত করা এবং নোয়াখালী জেলার রেকর্ড রুমকে হেরিটেজ (ঐতিহ্যবাহী) হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।বৈঠকের আলোচনায় যশোর জেলার রেকর্ড রুমকেও ঐতিহ্যবাহী ভবন হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ আসে। শরীফ উদ্দিন আহমেদের মতে, সব নথি জাতীয় আর্কাইভসে সংরক্ষণের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে বিভাগীয় পর্যায়কে গুরুত্ব দিতে হবে। তবে এখন পর্যন্ত জেলা পর্যায়ের বাজেট বরাদ্দে আলাদাভাবে রেকর্ড রুম-সংক্রান্ত কোনো বাজেট রাখা হচ্ছে না।আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক অদুদুল বারী চৌধুরী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নথি ব্যবস্থাপনায় অনেক পিছিয়ে আছে। গবেষকদের চাহিদাও মেটানো সম্ভব হচ্ছে না। ১৯৭২ সালে যাত্রা শুরু করা অধিদপ্তরের নিয়োগবিধি হয়নি এখনো। প্রযুক্তি ব্যবহারেও অসম্পূর্ণতা আছে। তবে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়কে নথি ব্যবস্থাপনার পাশাপাশি জবাবদিহি তৈরিতে উদ্যোগী হওয়ার জন্যও আহ্বান জানান অদুদুল বারী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয় যুক্ত হলেও নথি ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পায়নি। বর্তমানে ঢাকাসহ মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগে ১০০ নম্বরের কোর্স হিসেবে এ বিষয়টি পড়ানো হচ্ছে। অন্যদিকে ইতিহাস বা ইসলামের ইতিহাস, প্রত্নতত্ত্ব বিভাগে এ বিষয়টি পড়ানো হচ্ছে না। জাতীয় গ্রন্থাগার এবং জাতীয় আর্কাইভসবিষয়ক আইন দুটি দ্রুত পাস করানোর জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।