নথি সংরক্ষণের ইতিবৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় আরকাইভসে হাতে লেখা একটি নথির দেখা মেলে। প্রথম পৃষ্ঠায় ১৮২১ সালের ৫ অক্টোবর তারিখ দেওয়া এই নথির শিরোনাম, ‘দ্য ঢাকা রেকর্ড কমিটিস করেসপন্ডেন্স বুক’। তার মানে দাঁড়ায়—এই নথিটি ‘দ্য ঢাকা রেকর্ড কমিটি’র কার্যক্রমের ওপর ভিত্তি করে লেখা হয়। জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের আরকাইভিস্ট আলী আকবর বলেন, এই কমিটির মাধ্যমেই কোম্পানি আমলে ঢাকায় নথি সংরক্ষণের বিষয়টি প্রথম প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। কমিটির কার্যক্রমের ধারাবাহিকতায় একপর্যায়ে গড়ে ওঠে ঢাকা কালেক্টরেটের রেকর্ডরুম। এটি এখন ঢাকা জেলা প্রশাসনের রেকর্ডরুম।রাজধানী শহর ঢাকা রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখানেই সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নথি তৈরি হচ্ছে। গুরুত্বভেদে এর কোনোটি সংরক্ষিত হচ্ছে, আবার কোনোটি পুড়িয়ে ফেলা হচ্ছে; কোনোটি যাচ্ছে পুরোনো কাগজের দোকানে। ঢাকায় কখন থেকে ঢাকার নথিপত্র সংরক্ষণ শুরু হয়—এ প্রশ্নের উত্তর পেতে হলে ভারতীয় উপমহাদেশের নথিপত্র সংরক্ষণের ইতিহাস খানিকটা ফিরে দেখা প্রয়োজন। এই উপমহাদেশে প্রাক-মোগল আমল থেকেই ‘মহাফেজখানা’ নামে আরকাইভসের ব্যবহার ছিল। তবে তখন ঢাকায় এ ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না। এ প্রসঙ্গে ড. আবদুল করিমের মোগল রাজধানী ঢাকা গ্রন্থের (ড. মোহাম্মদ মহিবউল্যাহ ছিদ্দিকী অনূদিত) একটি মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, প্রাক-মোগল যুগে ঢাকা ছিল অখ্যাত স্থান। সুবা বাংলার রাজধানীর মর্যাদা পাওয়ার পর এটি মোগল সাম্রাজ্যের বৃহত্তম প্রশাসনিক সদর দপ্তরে পরিণত হয়। তাই বলা যায়, তখন থেকেই ঢাকায় নথিপত্র সংরক্ষণ করা শুরু হয়।অপরদিকে মোগল আমল থেকেই উপমহাদেশে প্রশাসনিক কাজে কাগজের ব্যবহার শুরু হয়। মোগল আমলের ঢাকার কোনো দাপ্তরিক নথি এখনো সংরক্ষিত আছে কি না—জানতে চাইলে বাংলাদেশ আরকাইভস ও রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে ভারতীয় জাতীয় আরকাইভসে ঢাকাভিত্তিক কিছু কাগজপত্র থাকতে পারে। এ দেশে কিছু জমির ফরমান ও দলিল রয়েছে। এমনকি প্রাক-মোগল যুগের জমিরও কিছু দলিল রয়েছে।ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরুর পর ঢাকার দাপ্তরিক পদ-পদবিতে অনেক বদল ঘটে। মোগল আমলের মহাফেজখানা পরিণত হয় রেকর্ডরুমে। এসব রেকর্ডরুমের নথিপত্রের বেশির ভাগ এখন আছে বাংলাদেশ জাতীয় আরকাইভসে। এখানে আছে ১৮৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বিপুল পরিমাণ নথি। এগুলোর মধ্যে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক লেনদেনের কাগজপত্র। এ ছাড়া আছে পরবর্তী সময়ের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রমের নথি। বাংলাদেশ জাতীয় আরকাইভসে ঢাকার যেসব নথি আছে সেসব হচ্ছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় (১৮৯৮-১৯৭১) ও ঢাকা কালেক্টরেট রেকর্ডসের (১৮৮৯-১৯৬০) নথিপত্র। এ ছাড়া ঢাকা জেলার বিভিন্ন থানা ও ঢাকা মিউনিসিপ্যালের মানচিত্র (১৭৮০-১৯৬৭) রয়েছে জাতীয় আরকাইভসে।ঢাকাবিষয়ক বিভিন্ন গবেষণাগ্রন্থে দেখা যায়, গবেষকেরা লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত বিভিন্ন দাপ্তরিক নথি থেকে ঢাকাবিষয়ক অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এ বিষয়ে জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক সালমা ইসলাম বলেন, ব্রিটিশ আমলে সরকারি বড় বড় দপ্তরে রেকর্ডকিপার পদবি থাকত। তবে প্রায় প্রতিটি দপ্তরে থাকত রাইটার নামের পদবি, যারা নথির একাধিক কপি লিখত। এর মধ্যে একটি কপি রাখা হতো সংশ্লিষ্ট দপ্তরে। একটি করে কপি পাঠিয়ে দেওয়া হতো কলকাতা ও লন্ডনে। তবে ১৯১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পর আর কলকাতায় নথি পাঠানো হতো না। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের মধ্যে কিছুদিন দার্জিলিংয়ে সরকারি নথি সংরক্ষণ করা হতো। তাই ব্রিটিশ আমলের অনেক নথি পাওয়া যায় দার্জিলিংয়ে।হাতে লেখা নথির পাশাপাশি ব্রিটিশ আমলের মুদ্রিত নথিও রয়েছে বাংলাদেশ জাতীয় আরকাইভসে। এখানকার কর্মকর্তারা জানান, ভারতীয় উপমহাদেশে নথির প্রথম মুদ্রণ হয় ১৮৫৯ সালে। ১৮৬০ সালে এই কাজ পুরোদমে শুরু হয়। তবে তখন শুধু ‘এ’ শ্রেণীর নথি (যা চিরকাল সংরক্ষণ করতে হবে) মুদ্রণ করা হতো। তখন মুদ্রণের জন্য হাতে লেখা নথি ভারতবর্ষ থেকে লন্ডনে পাঠানো হতো। সেখানে নথির একাধিক কপি মুদ্রণ করা হতো। তার মধ্যে এক কপি থাকত লন্ডনে। ভারতে একটি করে কপি সংরক্ষিত হতো কলকাতা, মাদ্রাজ ও মুম্বাইয়ে। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরেও দেওয়া হতো এসব নথি। সেসব দপ্তরের ঢাকাবিষয়ক বেশ কিছু নথি এখন আছে বাংলাদেশ জাতীয় আরকাইভসে।রেকর্ডরুম থেকে জাতীয় আরকাইভসএখনো টিকে আছে, ঢাকায় এমন মহাফেজখানার মধ্যে সবচেয়ে পুরোনো হচ্ছে ঢাকা জেলা প্রশাসন রেকর্ডরুম। এর গোড়াপত্তন হয় কোম্পানি আমলে। আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর সূত্রে জানা যায়, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন চালুর পর থেকে নতুন নতুন বিভাগ ও দপ্তর তৈরি করা হয়। সেগুলোর ঐতিহাসিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের প্রয়োজন দেখা যায়। এর পরিপ্রেক্ষিতেই ১৮৯১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ‘ইম্পেরিয়াল রেকর্ডস ডিপার্টমেন্ট’। এটি ১৯১২ সালে ‘ন্যাশনাল আরকাইভস অব ইন্ডিয়া’ নামে দিল্লিতে স্থানান্তরিত হয়। দেশভাগের পর ‘ডিরেক্টরস অব আরকাইভস অ্যান্ড লাইব্রেরিজ’-এর অধীনে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় ‘ন্যাশনাল আরকাইভস অব পাকিস্তান’। তখন ঢাকার সচিবালয়ের নথি সংরক্ষণাগারে পূর্ব বাংলার প্রাদেশিক সরকারের নথিপত্র সংরক্ষণ করা হতো বলে একাধিক আরকাইভিস্ট জানান।তাঁরা আরও জানান, ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ভূমির পাশাপাশি ভাগ হয়েছিল সরকারি নথিপত্র। যে নথি যেখানে দরকার হবে, সেই নথি সেদিকেই নেওয়া হয়। তখন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ভাগে পড়ে এমন অনেক নথি। এগুলোর বেশির ভাগ দার্জিলিংয়ে সংরক্ষিত ছিল। বাংলাদেশের ভাগের নথি বেশির ভাগ ঢাকায় নিয়ে আসা হয়। এগুলো রাখা হয় সচিবালয়ের ইডেন বিল্ডিংয়ে (১৯৪৫ সালের দিকে বর্তমান সচিবালয়ে ছিল ইডেন স্কুল ও কলেজের ক্যাম্পাস, এখনো সচিবালয়ের কয়েকটি ভবনের নাম ইডেন বিল্ডিং)। পরে এগুলো রাখা হয় সচিবালয়ের রেকর্ডরুমে। একই প্রসঙ্গে আবার ১৯৯৩ সালে প্রকাশিত বাংলাদেশ জেলা গেজেটীয়ার বৃহত্তর ঢাকায় কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যায়। এতে উল্লেখ আছে, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব বাংলাসংক্রান্ত নথিপত্র কলকাতা রাইটার্স বিল্ডিং থেকে ঢাকা সচিবালয়ে স্থানান্তর করা হয়। সচিবালয়ের নথি সংরক্ষণাগার তৈরি হয় কখন—জানতে চাইলে বাংলাদেশ আরকাইভস ও রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি শরীফ উদ্দিন আহমেদ জানান, ১৯৪৭ থেকে ১৯৫০ সালের মধ্যে কোনো এক সময় সচিবালয়ের রেকর্ডরুম প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর সব মন্ত্রণালয়ের নথি এখানেই সংরক্ষিত হতো।পাকিস্তান আমলের গোড়ার দিকে নির্মিত সচিবালয়ের রেকর্ডরুমে ছিল বড় বড় কাঠের তাক। প্রতিটি মন্ত্রণালয়ের নথি আলাদাভাবে সংরক্ষণ করা হতো। সম্প্রতি রেকর্ডরুমে গিয়ে দেখা গেছে, সেখানকার এক পাশের দেয়ালের চারটি তাক রেখে বাকি সব তাক সরিয়ে ফেলা হয়েছে। সেখানে এখন অফিস কক্ষ তৈরির কাজ চলছে।জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, ১৯৭২ সালের ৭ নভেম্বর ঢাকায় ‘ডাইরেক্টরেট অব আরকাইভস অ্যান্ড লাইব্রেরি’ তৈরি করা হয়। পাকিস্তান আরকাইভস থেকে চলে আসা ১৯ জন বাঙালি কর্মী এতে যুক্ত হন। তবে পাকিস্তানের জাতীয় আরকাইভস থেকে বাংলাদেশ কিংবা ঢাকাসংক্রান্ত কোনো নথি ফেরত পাওয়া যায়নি। বাংলাদেশ জাতীয় আরকাইভস প্রথমে ছিল ১০৩ এলিফ্যান্ট রোডের ছোট্ট একটি ভাড়াবাড়িতে। পরে এটি ৩৭২ এলিফ্যান্ট রোডের সরকারি বাড়িতে চলে আসে। এখান থেকে ১৯৮৬ সালে আগারগাঁওয়ে চলে আসে বাংলাদেশ জাতীয় আরকাইভস। তখন জাতীয় গ্রন্থাগার ভবনের একাংশে ঠাঁই হয় এর। ২০০৬ সালে এখনকার নিজস্ব ভবনে আসে বাংলাদেশ জাতীয় আরকাইভস। তবে ভবনের নির্মাণকাজ এখনো শেষ হয়নি।