নথিতে সই করছেন না দুদক চেয়ারম্যান
কোনো ধরনের প্রশাসনিক নথিতে সই করছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। কমিশনের প্রধানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের পর এই কৌশলী অবস্থান নিয়েছেন তিনি।ফাইলে সই না করার বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার পদে থাকা বা না-থাকা নিয়ে কোনো বিতর্কের কারণে আদালতে উপস্থাপিত নথির সুযোগ নিয়ে অভিযুক্তরা পার পেয়ে যেতে পারে। তাই আদালতে উপস্থাপিত হতে পারে, এমন নথি আমি এখন দেখছি না।’দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৬(৩) ধারায় বলা হয়েছে: ‘কমিশনারগণ, ধারা ১০-এর বিধান সাপেক্ষে, তাহাদের নিয়োগের তারিখ হতে চার বত্সর মেয়াদের জন্য নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকবেন।’গত বুধবার (৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মির্জা আল মাহমুদ দুদক চেয়ারম্যানের মেয়াদ শেষ দাবি করে তাঁর কাছে ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আইনি নোটিশ পাঠান। তবে ওই নোটিশের জবাব দেননি দুদক চেয়ারম্যান। ২০০৯ সালের ৩০ এপ্রিল সরকারের সাবেক সচিব গোলাম রহমানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে তিনি যোগ দেন ২৪ জুন।