নথির গতি-দুর্গতি কর্মকর্তাদের দুর্মতি-সুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও থেকে পল্টনের দূরত্ব কত? আচ্ছা, কিলোমিটারের হিসাব থাক। এই দুই জায়গার গুরুত্ব কী? তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়। পল্টনে সরকারের সচিবালয়। তাই দূরত্বের বিবেচনা অবান্তর। তবে বিষয় যখন সরকারি নথি তখন সে বিবেচনাও এসে পড়ে। সঙ্গে আসে নথির গতি-দুর্গতি আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুর্মতি-সুমতির প্রশ্নও।বহুল আলোচিত উত্তরা কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চেয়ে গত ৩১ ডিসেম্বর সচিবালয়ে অবস্থিত সংস্থাপন মন্ত্রণালয় থেকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নথি পাঠানো হয়। ১৯ জানুয়ারি ওই নথিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান মতামত লেখেন। তিনি লিখেছেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের (বর্তমানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক) বাণিজ্যিক কার্যালয়ে গোপন বৈঠকে উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের অধিকতর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হল।’দুই দিন পর ২১ জানুয়ারি এই সুপারিশসংবলিত নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কবির বিন আনোয়ার সই করে সংস্থাপন মন্ত্রণালয়ে ফেরত পাঠান। ২৩ জানুয়ারি সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ তা গ্রহণ করেন। প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি নথির প্রায় এক মাস লাগল তেজগাঁও থেকে পল্টনে যেতে!এর আগে একবার প্রথম দফায় একজন সচিবের নেতৃত্বে এ বিষয়ে তদন্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এ সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছে। এখন আবারও নতুন করে তদন্তের সিদ্ধান্ত পুরো প্রক্রিয়াটিই ঝুলিয়ে দেওয়ার নামান্তর বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় কাউকে কাউকে দোষী প্রমাণ করা হয়নি—এই কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে। এ জন্যই অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উত্তরা বৈঠকে যোগদানকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাপন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থাপন মন্ত্রণালয় নতুন করে আবার নির্দেশনার জন্য নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ওই ঘটনার সঙ্গে (রাজনৈতিক বৈঠক) পুলিশসহ জনপ্রশাসনের ২৫ জন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।প্রসঙ্গত, ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচন সামনে রেখে ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরায় মাহমুদুর রহমানের ব্যবসায়িক দপ্তর আর্টিসানে পুলিশসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা গোপন বৈঠক করেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে বৈঠকে যোগ দেওয়া অনেক কর্মকর্তা মুখ ঢেকে ও দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। সে দৃশ্য ওই রাতে বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার এবং পরদিন বিভিন্ন সংবাদপত্রে তা প্রকাশিত হয়।ওই বৈঠকের ঘটনায় তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার কৃষিসচিব আবদুল আজিজের (বর্তমানে মন্ত্রিপরিষদের সচিব) নেতৃত্বে একটি কমিটি গঠন করে। ওই কমিটির তদন্তে ১৩ জনকে দায়ী করে বলা হয়, উপস্থিত সরকারি কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত। তত্কালীন উপদেষ্টা পরিষদের সভায়ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি হয়। তাঁদের মধ্যে নয়জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা হলেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব জাকিরুল ইসলাম, রেশম বোর্ডের সদস্য জাকির হোসেন কামাল, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মুজিবুর রহমান, বরিশাল জেলা পরিষদের সচিব সালাউদ্দিন নাগরী, ওএসডি সাজ্জাত হোসেন ভূঁইয়া, কাজী এনামুল হক, শরফুদ্দিন আহমেদ, আবদুর রহমান তরফদার ও প্রকৌশলী সোহেল মাহমুদ ইকবাল।আর যুগ্ম সচিব ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার আ. বারী, যুগ্ম সচিব আবদুস সবুর, এ কে এম জাহাঙ্গীর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তত্কালীন এপিএস আবদুল মতিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত হয়।সূত্র জানায়, বর্তমান সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তদন্তে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে আরও যেসব কর্মকর্তার নাম এসেছে তাঁরা হলেন: ঢাকার সাবেক এডিসি লোকমান আহমেদ, ঢাকা সিটি করপোরেশনের সাবেক চিফ এস্টেট অফিসার আবু তালেব, ঢাকার সাবেক এডিএম শাহিনুল আলম, তাহাবুল আলম, গোলাম ইয়াইয়া, আবদুল খালেক, এস এম হারুন অর রশিদ, ফিরোজ সরকার, মাহফুজুল ইসলাম, ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান ও মঞ্জুর মোর্শেদ। যুগ্ম সচিব, উপসচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব পদের এসব কর্মকর্তার বেশির ভাগই বর্তমানে ওএসডি।সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সাবেক সচিব শহীদুল আলম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক আবদুল আজিজ সরকার, পুুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, সাবেক সচিব আ ন হ আখতার হোসাইন ও হাফিজুর রহমান ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যদিও আবদুল আজিজ সরকার এর আগে এ-সংক্রান্ত প্রকাশিত খবরের সূত্রে তাঁর উপস্থিতির কথা অস্বীকার করেছিলেন।সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অভিযোগ থাকা যেসব কর্মকর্তা ইতিমধ্যে অবসরে গেছেন তাঁদের বিরুদ্ধেও সরকারি কর্মচারী আচরণবিধি বা শৃঙ্খলা বিধিমালায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা করারও সুযোগ আছে। যেসব কর্মকর্তাকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলোও পর্যালোচনা করে পুনরায় বিভাগীয় ব্যবস্থার আওতায় নেওয়া হবে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ চাকরিচ্যুতির শাস্তির বিধান রয়েছে। অবসরপ্রাপ্ত যেসব কর্মকর্তা সে সময় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।