নদ-নদীর পানি বাড়ছে, ভূমিধসের আশঙ্কা
উত্তর বঙ্গোপসাগর এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা দুইটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বর্ষণের ফলে টেকনাফ, কক্সবাজার ও তত্সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। পাঁচটি স্থানে পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।আজ শুক্রবার সকাল পর্যন্ত বাহাদুরাবাদে যমুনা (১০ সেমি) ও ভাগ্যকূলে পদ্মা (১৮ সেমি), গাইবান্ধায় ঘাঘট (৭ সেমি), লামা (২ সেমি) ও ছিরিংগায় (৮৯ সেমি) মাতামুহুরীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা-পূর্বাভাষ ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টেকনাফে ১৮৭ দশমিক দুই মিমি, নারায়ণহাটে ১১৫ মিমি, দুর্গাপুরে ৯২ মিমি, পাঁচপুকুরিয়ায় ৭৫ মিমি, লামায় ৬৩ মিমি, কক্সবাজারে ৮০ মিমি, নোয়াখালীতে ৬৫ মিমি ও বরিশালে ৫৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাসস।