নদী কমিশন গঠনে বিল তৈরি হয়েছে: নৌপরিবহনমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী রক্ষায় নদী কমিশন গঠনের জন্য একটি বিল তৈরি করা হয়েছে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বুড়িগঙ্গা পরিচ্ছন্নকরণ: পদ্ধতি ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সেমিনারের আয়োজন করে।শাজাহান খান বলেন, ‘বুড়িগঙ্গা নদী এক দিনে দূষিত হয়নি, তাই নদীটিকে এক দিনে দূষণমুক্ত করাও সম্ভব নয়। আমরা বুড়িগঙ্গায় পরিচ্ছন্নকরণ কার্যক্রম চালিয়েছি। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। হয়তো আমাদের কাজে দুর্বলতা ছিল, তবে তা কাটিয়ে ওঠা হবে।’ নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নদীর তীর অবৈধভাবে দখল ও ভরাট করে অনেকেই শিল্পকারখানা গড়ে তুলেছেন। তাঁদের বিবেক দেখে বিস্মিত হই। অনেক স্থানে নদী দখল করে প্রথমে মসজিদ এবং পরে আশপাশে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। সরকার তো আর মসজিদ ভাঙবে না। আর মসজিদের উসিলায় যেন বাড়িঘর না ভাঙা হয়, সে জন্যই এ কৌশল ব্যবহার করছেন দখলকারীরা।’শাজাহান খান বলেন, রাজধানীর অনেক খালের কোনো অস্তিত্বই নেই। কল্যাণপুর খাল দখল করে মার্কেট নির্মাণ করে বসে আছেন সাবেক সাংসদ এস এ খালেক। অন্য খালগুলো জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা দখল ও ভরাট করে ফেলছেন।বাপার সভাপতি মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন নদী টাস্কফোর্সের সদস্য সাংসদ সানজীদা খানম, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।