নদী কেটে বালু বিক্রি, আতঙ্কে এলাকাবাসী
একদিকে চলছে নদীর পাড় কেটে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বালু বিক্রি, অন্যদিকে চলছে ভাঙন। পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চরসদিরাজপুর এলাকার শেষপ্রান্ত ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকার শুরুর অংশে পদ্মার পারে এ অবস্থা চলছে। এতে শঙ্কিত হয়ে পড়েছে আশপাশের গ্রামগুলোর বাসিন্দারা। অবৈধভাবে নদীর পাড় কেটে বালু বিক্রির ফলে বর্ষা মৌসুমে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করেছে তারা। তবে এলাকাটি পাবনা ও কুষ্টিয়ার সিমান্তবর্তী হওয়ায় কোনো স্থানীয় প্রশাসনই তা বন্ধে পদক্ষেপ নিচ্ছে না।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পদ্মা পাড়ের এ এলাকায় নদী কেটে বালু বিক্রি চলছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এ কাজ করছে। এলাকার মো. শামসুল আলম নামের এক ব্যক্তির তত্ত্ব্বাবধানে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ ট্রাক করে বালু কাটা হচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বালু কাটা। প্রতি ট্রাক বালু এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি করে ওই মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই নদী পাড়ের প্রায় পাঁচ থেকে ছয় একর জমির বালু কেটে বিক্রি করা হয়েছে। এতে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙতে শুরু করেছে গর্তের পার্শ্ববর্তী ফসলি মাঠ। বর্ষায় এ ভাঙন আরও ভয়াবহ রূপ নেবে। এতে পাবনার দোগাছী ইউনিয়নের চরসদিরাজপুর, কমরপুর, দোগাছী ও বাজিদপুর গ্রাম ভয়াবহ ভাঙনের কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এলাকাটি পাবনা ও কুষ্টিয়ার সীমান্তবর্তী হওয়ায় পাবনার প্রশাসনকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি। নদীর ওপারে কুষ্টিয়া জেলার অবস্থান হওয়ায় কুষ্টিয়ার প্রশাসনও এপারে এসে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওই এলাকায় গিয়ে দেখা গেছে, পাবনা থেকে কুষ্টিয়ার কুমারখালীগামী সড়কের শেষ প্রান্তেই পদ্মা। নদীতে এখন খুব বেশি পানি নেই, জেগে উঠেছে বিশাল বালুর চর। আর এ সুযোগেই সড়কের ডান পাড়ে চলছে নদী কেটে বালু বিক্রি। এ পর্যন্ত পাড়ের প্রায় ৪০০ মিটার দূর থেকে শুরু করে নদীর মধ্যে প্রায় ২০০ মিটার পর্যন্ত বালু কাটা হয়েছে। ২০ থেকে ২৫টি ট্রাক একযোগে বালু কাটার কাজে নিয়োজিত। একসঙ্গে দু-তিনটি ট্রাক বালু নিয়ে চলে যাচ্ছে আর দু-তিনটি ট্রাক আবার বালু নিতে আসছে। এতে ওই এলাকা ধুলায় ঢেকে আছে। এর ৫০০ থেকে ৬০০ মিটার দূরেই চলছে ভয়াবহ নদীভাঙন। প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙনে ইতিমধ্যেই শত শত বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে।এলাকাবাসী জানিয়েছে, পাবনা শহর থেকে পদ্মা নদীর দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। এভাবে ভাঙন অব্যাহত থাকলে শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেকোনো সময় নদীগর্ভে বিলীন হবে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৪ মে এ ভাঙন থেকে পাবনাবাসীকে রক্ষার জন্য পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার পানিসম্পদ মন্ত্রীকে অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন। প্রয়োজনীয় বরাদ্দ এলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসী অবশ্য অভিযোগ করেছেন, নদীর পাড় কেটে বালু বিক্রি করায় ভাঙন সৃষ্টি হয়েছে। গত বছর যেখান থেকে বালু তোলা হয়েছিল, সেখানেই এ বছর বেশি ভাঙন দেখা দিয়েছে।এলাকার প্রবীণ ব্যক্তি নুর মোহাম্মদ জানান, যেভাবে নদী কেটে বালু বিক্রি চলছে, তাতে বালুকাটা গর্ত থেকে ভাঙন শুরু হলে কোনো অবস্থাতেই তা ঠেকানো যাবে না।নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী গ্রাম কমরপুুরের এক বাসিন্দা বলেন, ‘শামসুল আলমরে মেলাবার মাটি কাইটপার মানা করা হইছে। সে কথা শুনে না। নিজের জমি কয়ে মাটি কাটা বাদ দেয় না। আমাগেরে বাড়িঘর তো নাই হয়া যাবে।’ এদিকে বালু বিক্রেতা মো. শামুসল আলম বলেন, ‘যেখান থেকে বালু কাটা হচ্ছে তা আমার নিজের জমি। নদী পারের জমি ফসল হয় না। তাই ফেলে রাখার চেয়ে বালু কেটে বিক্রি করছি। এখানে কার কী বলার আছে?’ এ বিষয়ে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন বলেন, ‘নদীর জমি কারও ব্যক্তিমালিকানাধীন থাকে না। ওই এলাকা থেকে বালু কাটা বিষয়ে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। এভাবে বালু কাটায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু এলাকাটি কুষ্টিয়ার অংশ হওয়ায় আমরা কিছু করতে পারছি না। তবে কুষ্টিয়ার প্রশাসনকে জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’অপরদিকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক হার রহমান বলেন, ‘ওই এলাকায় বালু কাটার বিষয়টি আমার জানা নেই। তবে খবর নিয়ে ব্যবস্থা নেব।