নদী কেড়েছে সর্বস্ব পাহাড় নিল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উজানটিয়া ও মগনামা এলাকায় মাতামুহুরী নদীর ভাঙনে প্রতিবছরই শত শত পরিবার সর্বস্বান্ত হয়। সহায়-সম্বল হারানো এসব মানুষের অনেকেই গত কয়েক বছর আশ্রয় নেয় বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ে। কিন্তু পাহাড়েও নামে ধস। গত মঙ্গলবার লামায় পাহাড়ধসে যে ২৮ জনের প্রাণহানি ঘটে, তাদের সবাই ছিল নদীভাঙনের শিকার। মাতামুহুরী কেড়েছে তাদের সর্বস্ব, এবার প্রাণ কেড়ে নিল পাষাণ পাহাড়।পাহাড়ধসে মৃত্যুর এই মিছিল দেখে পাহাড়ে আশ্রয় নেওয়া মানুষগুলো আতঙ্কিত। নদী তাদের নিঃস্ব করেছে। আর পাহাড় সৃষ্টি করেছে আতঙ্ক। জমিজমা হারানো এসব মানুষ এখন কোথায় গিয়ে মাথা গুঁজবে?গত বুধবার চকরিয়ার সওদাগর ঘোনা থেকে এহসানুল হক এসেছিলেন তাঁর চার আত্মীয়ের মরদেহ নিয়ে যেতে। লামার ফাইতং বাজারের কাছে একটি ছোট ট্রাকে তুলছিলেন ফুফু, ফুফা ও অপর দুই স্বজনের লাশ। একপর্যায়ে এহসান প্রথম আলোকে বলেন, সওদাগর ঘোনা পুরো বর্ষাকাল পানিতে ডুবে থাকে। সেখানে তাঁর ফুফার চাষযোগ্য জমি অনেক আগেই গেছে মাতামুহুরীর পেটে। সব হারিয়ে তাঁর ফুফা বশির আহমদ পাহাড়ে এসেছিলেন। সেখানে বসতি গড়েছিলেন। কিছু চাষাবাদও করতেন তিনি। সে ফসল ঘরে তোলার আগেই পাহাড়ধসে স্ত্রীসহ পৃথিবী ছাড়তে হলো বশিরকে। এহসান বলেন, পালিয়ে এসে সর্বনাশা মাতামুহুরীর ভাঙন থেকে নিজেদের রক্ষা করেছিলেন তাঁর ফুফা-ফুফু। কিন্তু তাঁদের শেষরক্ষা আর হলো না। পাহাড়ও তাঁদের দেয়নি নিরাপদ আশ্রয়। বরং কেড়ে নিয়েছে প্রাণ।চকরিয়ার মগনামা নামক এলাকা থেকে নদীভাঙনের শিকার লোকজন লামার পাহাড়ে এত বেশি আশ্রয় নিয়েছে, উপজেলার ফাইতং ইউনিয়নে একটি পাড়ার নাম রাখা হয়েছে, মগনামাপাড়া। মঙ্গলবার এ পাড়ায় পাহাড়ধসে আশরাফুজ্জামানের পরিবারের পাঁচজন মর্মান্তিক মৃত্যু হয়। কাদামাটি সরিয়ে পরদিন একে একে উদ্ধার করা হয়, আরাফুজ্জামানের স্ত্রী ও তিন সন্তানের লাশ উদ্ধার করা হয়। ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম প্রথম আলোকে বলেন, উপজেলার নবগঠিত এ ইউনিয়নে মূলত চকরিয়া, বদরখালী ও শঙ্খ নদের ভাঙনের শিকার নিঃস্ব লোকজন গত কয়েক বছরে আশ্রয় নিয়েছেন।জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, পাহাড়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাশাপাশি কাজের খোঁজে আসা কিছু বাঙালিও বসবাস শুরু করে। গত কয়েক বছরে এখানে কিছু কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফলে আশপাশের গরিব লোকজন পাহাড়ে আসতে শুরু করে। পাহাড়ের ঢালু কেটে এসব মানুষ বাড়ি নির্মাণ করে। সরকারি পাহাড়ে বসবাস করায় তাদের এসব পাহাড়ের প্রতি দরদও কম। ফলে গাছ কাটে। পাহাড় কেটে, চাষাবাদ থেকে শুরু করে তারা। নানাভাবে পাহাড়কে আঘাত করেছে। কারণে এখানে আমরা তাদের আর একখণ্ড জমি দিতেও পারি না।’ গত মঙ্গলবার পাহাড়ধসে যে বান্দরবানে ৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে, তাঁদের মধ্যে আদিবাসী রয়েছেন মাত্র একজন। অন্যরা সবাই বাঙালি। বাঙালিরা পাহাড়ে আশ্রয় নিলেও, বিরূপ পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল তাদের জানা নেই। আদিবাসী জনগোষ্ঠী পাহাড়ের বাড়ি তৈরি করে পাহাড়চূড়ায়। আর বাঙালিরা বাড়ি বানায় পাহাড়ের পাদদেশে। ফলে পাহাড়ধসের ঘটনায় বাঙালিরাই সবচেয়ে বেশি প্রাণ হারায়। লামার ফাইতং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উচিংছা মারমা বলেন, যেসব বাঙালি সমতল থেকে এসে বসবাস শুরু করে, তারা প্রথমেই পাহাড়ের গোড়া কেটে সমতল করে। এ কারণে পাহাড়ের কাটা অংশটি তাদের বাড়ির ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। একসময় বৃষ্টি হলে পাহাড়ধস নামে। আর পাদদেশের বাড়িগুলো মাটিচাপা পড়ে।