নদী খননে বাংলাদেশকে সহযোগিতা করবে কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী পুনঃখনন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও কাতারের আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রথম আলোকে জানান, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ও বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে কাতার কত টাকা দেবে তা পরে চূড়ান্ত করা হবে। বাংলাদেশ কাতার থেকে তিন লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে বলেও বৈঠকে জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও কাতারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা-বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মেদ আল আত্তিয়াহর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের প্রতিমন্ত্রী আল আত্তিয়াহ গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন।