নদী ঢুকে পড়ছে লোকালয়ে!
খড়খড়িয়া নদীর অব্যাহত ভাঙনে সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে। বর্ষার আগেই ভাঙন দেখে উত্কণ্ঠায় আছে এলাকাবাসী। সূত্র জানায়, ছোট খড়খড়িয়া শুকনো মৌসুমে ক্ষীণস্রোতা হলেও বর্ষায় ধারণ করে খরস্রোতা নদীর রূপ। প্রতিবছরই বর্ষায় নদীর পাড় ভাঙে। এ জন্য সৈয়দপুর শহরের উত্তর-পশ্চিম প্রান্তে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতিমধ্যে শহর রক্ষা বাঁধ নির্মাণ করেছে। কিন্তু ওই বাঁধ প্রবল বন্যায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। এ কথা জানান সৈয়দপুর পৌরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়ার প্রবীণ রাজনীতিক শমসের আলী বসুনিয়া (৭০)।শমসের আলী বসুনিয়া জানান, সৈয়দপুর শহর রক্ষা বাঁধটি পরিকল্পিত নয়, তাই প্রতিবছরই এতে ভাঙন দেখা দেয়। সর্বশেষ গত ২০০৭ এর বর্ষায়ও বাঁধে ফাটল দেখা দেওয়ায় সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। গত বছরও বাঁধের একই স্থানে অর্থাত্ সৈয়দপুর বাইপাস সড়কের উত্তরে মিস্ত্রিপাড়ার শেষ প্রান্তে ফাটল সৃষ্টি হয়।পাউবো সূত্র জানায়, গত ২০০৯ সালের খড়খড়িয়া নদীর শহর রক্ষা বাঁধটি সংস্কারে ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ওই বাঁধ সংস্কার যথাযথভাবে হয়নি বলে অভিযোগ রয়েছে। নদীর মাটি তুলেই দু-এক জায়গায় যেনতেনভাবে পাড় বাঁধা হয়েছিল। কিন্তু বাঁধের মাটি যাতে সরে না যায় এ জন্য পর্যাপ্ত ঘাস রোপণ করা হয়নি তখন। বাঁধ সংস্কারের অনিয়ম নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশও হয়।খড়খড়িয়া নদীর পাশ ঘেঁষে শহরের কুন্দল মহল্লায় রয়েছে নর্দান কোল্ড স্টোরেজ। ওই হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ আফরোজ বাবু জানান, নদীভাঙন অব্যাহত রয়েছে। মূলত পাড় থেকে মাটি সরে যাওয়ায় শহর রক্ষা বাঁধটি ধসে পড়ছে। ফলে যেকোনো মুহূর্তে নদী ঢুকে পড়বে লোকালয়ে। এতে বিধ্বস্ত হওয়ার উপক্রম দেখা দিয়েছে নর্দান কোল্ড স্টোরেজ, পার্শ্ববতী হিন্দু সমপ্রদায়ের শ্মশান ঘাট, সৈয়দপুর-দিনাজপুর সড়কসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী লোকালয়ে ঢুকে পড়লে সৈয়দপুর ডিগ্রি কলেজ, ৫০ শয্যা সরকারি হাসপাতালটিও হুমকিতে পড়বে বলে তিনি জানান।সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু জানান, বর্ষা না আসতেই নদীভাঙনের এ রূপ দেখে এলাকাবাসী উত্কণ্ঠায় পড়েছে। বিষয়টি তিনি পাউবো কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান। পাউবোর একটি সূত্র জানায়, খড়খড়িয়ার নদীর ওই ভাঙন ঠেকাতে সিসি ব্লক নিক্ষেপ ছাড়া বিকল্প নেই। এ সংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন কবে নাগাদ হবে তা জানাতে পারেনি সূত্রটি। নদীভাঙন পরিস্থিতি দেখে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী জানান, বর্ষার আগেই বাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। ইতিপূর্বে ওই বাঁধ ভেঙে ব্যবসায়ীদের ১০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাউবোর সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়া প্রথম আলোকে জানান, প্রকল্প পেলেই অগ্রাধিকার ভিত্তিতে বাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এরই মধ্যে ভাঙন এলাকায় সরেজমিনে গিয়ে পরিদর্শন করা হয়েছে। নদীভাঙন বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।