নদী থেকে আবার বালু উত্তোলনের অনুমতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চারপাশে নৌ-চলাচলের সুবিধার্থে কম উচ্চতার ১৩টি সেতু ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে নদীবিষয়ক টাস্কফোর্স। এ ছাড়া ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীন যেসব নদী রয়েছে, তা থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে টাস্কফোর্স।পাশাপাশি সারা দেশের নদ-নদীতে যেসব অবৈধ স্থাপনা করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ বা ব্যাহত করা হচ্ছে, সেসব স্থাপনা অপসারণ করতেও সংশ্লিষ্ট সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে এর আগে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন। তবে গতকালের টাস্কফোর্সের সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম জানিয়েছেন, বালু ব্যবস্থাপনা আইন হচ্ছে। এটি হলে পরিকল্পিতভাবেই বালু উত্তোলন করা যাবে। তবে এ আইন করার আগেই গতকালের সভায় বালু উত্তোলনের অনুমতি দেওয়া হলো। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে অনেক নদীর তীর সংরক্ষণ সম্ভব হচ্ছে না। এ জন্য আইন করার আগ পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখা হয়েছিল।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অবশ্য বলেছেন, বালু উত্তোলন করে নদীর পাড় সংরক্ষণ করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ে গতকাল বুধবার টাস্কফোর্সের ষষ্ঠ সভায় এ নির্দেশ দেওয়া হয়। শাজাহান খানের সভাপতিত্বে সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, কয়েকজন সাংসদ এবং ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, দপ্তরের কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।সভায় ভবিষ্যতে নদীর ওপর সেতু নির্মাণের আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদনেরও নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সরকারের উন্নয়নমূলক কাজ দ্রুততর করতে (বিশেষ করে নদীতীরে বাঁধ নির্মাণের ক্ষেত্রে) নদী থেকে বালু উত্তোলন করা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, ঢাকার চারপাশের নদীগুলোতে সড়ক ও জনপথ অধিদপ্তর, রেলওয়ে, স্থানীয় সরকার বিভাগের ১৫টি সেতু রয়েছে। এসব সেতুর মধ্যে ১৩টি সেতু নির্ধারিত উচ্চতার চেয়ে কম উচ্চতায় তৈরি করা হয়েছে। ফলে বর্তমান সরকার ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার নৌপথ চালু করার যে প্রকল্প নিয়েছে, তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এ কারণে নদীবিষয়ক টাস্কফোর্স কম উচ্চতাসম্পন্ন সেতুগুলো ভেঙে সেগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেয়।বিআইডব্লিউটিএর সূত্র জানায়, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী তৃতীয় শ্রেণীর নৌপথ হিসেবে বিবেচনা করা হয়। নিয়মানুযায়ী এই নৌপথে সেতু নির্মাণের সময় উচ্চতা ২৫ ফুট এবং দুই পিলারের মাঝখানে ১০০ ফুট দূরত্ব রাখার কথা, কিন্তু ১৩টি সেতু নির্মাণে এ নিয়ম মানা হয়নি।গতকালের সভা শেষে শাজাহান খান সাংবাদিকদের জানান, নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের পর সেখানে সীমানা খুঁটি স্থাপনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এপ্রিলের শেষের দিকে সীমানা খুঁটি স্থাপন শুরু হবে এবং একই সঙ্গে সে সময় অবৈধ উচ্ছেদ অভিযানও জোরদার করা হবে। মন্ত্রী জানান, এ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে এক লাখ ১১ হাজার ২৬৫ ঘনমিটার বর্জ্য উত্তোলন করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রমের পাশাপাশি নদী-তীরবর্তী আবাসিক এলাকা, কলকারখানা, ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন লাইনের অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধে সভায় জোর দেওয়া হয়।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নদীর ওপর থেকে সেতু উচ্ছেদ করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে পুনরায় তাগিদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।