নদী থেকে বালু উত্তোলন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট
সুনামগঞ্জের বাহিরপুর উপজেলার দাদুকাটা নদী থেকে বালু উত্তোলন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. আজিজুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের ওপর এ রায় দেন।আদালতের পর্যবেক্ষণে বলা হয় যে আইনানুযায়ী নদী সংরক্ষণ, নদীর অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন, বন্যা ও মোহনা নিয়ন্ত্রণ, সেচ পরিচালনা, নদীবক্ষ ও তীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। এ ছাড়া নদী ও পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন পদক্ষেপ নিতে পারে।জানা যায়, ২০০৫ সালে অবৈধভাবে ওই নদীতে বালু উত্তোলন শুরু হওয়ায় স্থানীয় জনগণ প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য কয়েক দফা চিঠি দেন। এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় বেলা একটি রিট দায়ের করে। এই রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১২ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। রুলে নদীতে বালু উত্তোলন কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়। আজ রুলের শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন।বেলার পক্ষে আইনজীবী প্রবীর নিয়োগী, ইকবাল কবির এবং স্থানীয় এক ইজারাদারের পক্ষে আইনজীবী এ কে এম আলী মামলা পরিচালনা করেন।