নদী থেকে ৯৭৮টি গুলি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের গুঙ্গর নদী থেকে ৯৭৮টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, স্থানীয় শ্রমিকেরা গতকাল বিকেলে গুঙ্গর নদীতে খননকাজ করার সময় চারটি বাক্স দেখতে পায়। বাক্সগুলো নদীর পারে তুলে গুলি দেখতে পেয়ে তাঁরা স্থানীয় কাইমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকারকে খবর দেন। ইউপি চেয়ারম্যান বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেনকে জানান। পরে পুলিশ রাতে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, নদী খননের কাজ করার সময় শ্রমিকেরা চারটি বাক্সে গুলি পায়। চারটি বাক্সে ৯৭৮টি গুলি ছিল। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের গুলি। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।