নদী দখল করে ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সেতুর মাঝখানে খড়খড়িয়া নদীর বিস্তীর্ণ পাড় দখল করে ইটভাটা গড়ে তোলায় ঝুঁকিতে রয়েছে সৈয়দপুর শহর। নদী সংকুচিত হওয়ায় আসছে বন্যায় সেতু দুটি শহর রক্ষা বাঁধটি বিধ্বস্ত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।সূত্র জানায়, শুষ্ক মৌসুমে ক্ষীণস্রোতা হলেও বর্ষায় ভয়াবহ হয়ে ওঠে সৈয়দপুর শহরের পাশঘেঁষে বয়ে যাওয়া খড়খড়িয়া নদী। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সৈয়দপুর বিভাগ ভাঙন রোধে ওই নদীতে উভয় পাশে দিয়েছে বাঁধ। নদীর বাম পাশের বাঁধটিকে বলা সৈয়দপুর শহর রক্ষা বাঁধ। বাঁধ এমনিতে ঝুঁকিপূর্ণ। গত বছরও ওই বাঁধের ফাটল দেখা দিয়েছিল এ ছাড়া ইতিপূর্বে বহুবার বন্যার পানির তোড়ে বাঁধটি বিধ্বস্ত হয়। পাউবো কর্তৃপক্ষ গত বছর প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর শহর রক্ষা বাঁধটি সংস্কার করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুর থেকে সৈয়দপুর প্রবেশপথে এলাকায় বাইপাস সড়ক ও শহর অভিমুখে দুটি সেতু রয়েছে। ওই সেতু দুটি মাঝখানে সৈয়দপুর পৌর এলাকার কুন্দল মহল্লায় গড়ে তোলা হচ্ছে একটি ইটাখোলা। ইটাখোলার মালিক শহরের প্রভাবশালী ব্যবসায়ী মো. আবদুল। মো. আবদুল জানান, আমার জায়গায় আমি ভাটা করব না তো কে করবে? তিনি জমির কাগজ দেখিয়ে বলেন, নদীতে আমার অনেক জমি বিলীন হয়েছে। নদীর পাড়ে আমার ৬৪ শতক জমি রয়েছে। আরও কিছু জমি কিনে এখানে একটি অটোমেটিক ভাটা বসানোর উদ্যোগ নিয়েছে। তিনি দাবি করে বলেন, ভাটাটি হবে পরিবেশবান্ধব। ফলে এর অনুমোদন পেতে পৌরসভা বাধা হয়ে দাঁড়াবে না। তবে তিনি নদী দখলের কথা অস্বীকার করেন। সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন জানান, কেউ নদী দখল করে ভাটা বসাবে এটা হতে দেওয়া যায় না। তিনি বলেন, জলাশয় আইনে এ ধরনের কাজ অবৈধ। এ ব্যাপারে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। পাউবোর সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়া প্রথম আলোকে জানান, নদীর পাড়ে কোনো অবৈধ স্থাপনা গড়তে দেওয়া হবে না। ওই এলাকায় নদী জরিপ প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন জানান, কুন্দল এলাকায় ইটাখোলা স্থাপনের অনুমোদন চাইতে কোনো আবেদন জমা পড়েনি পৌরসভায়। যদি এ ধরনের উদ্যোগ কেউ নেন সেক্ষেত্রে পৌরবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।