নদী দখল-দূষণমুক্ত করতে বুড়িগঙ্গায় পবার নৌ র‌্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে আজ শুক্রবার নৌ র‌্যালি হয়েছে। বুড়িগঙ্গা নদীতে এ নৌ র‌্যালিতে অর্ধশতাধিক খেয়া নৌকা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়। বেলা ১১টার দিকে পুরান ঢাকার ওয়াইজ ঘাট থেকে সোয়ারি ঘাট পর্যন্ত র‌্যালিটি হয়। নদীতে ভাসমান ট্রলারে স্থাপিত অস্থায়ী মঞ্চে সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব নদীর পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছে। নদী দখল ও দূষণমুক্ত করার জন্য গত সাত থেকে আট বছরের এ আন্দোলন দেশ, সরকার ও মানুষের পক্ষে। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। তিনি আরও বলেন, নদীদূষণ ও দখলমুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকলেও দায়িত্বরত কর্মকর্তাদের জ্ঞানের অভাব আছে। তিনি নদীদূষণ ও দখল বন্ধে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।নৌ র‌্যালিতে পবার চেয়ারম্যান আবু নাসের খান, পরিবেশবাদী সংগঠন কৃষ্টি পরিষদের সভাপতি হাজি রিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।