নদী দূষণের মাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করল পরিবেশ অধিদপ্তর
নদী দূষণের মাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করতে পরিবেশ অধিদপ্তরের একটি দল রাজধানীর চারপাশের নদীগুলোতে অভিযান চালিয়েছে।আজ শুক্রবার বেলা তিনটার দিকে রাজধানীর সদরঘাট, মিলব্যারাক, কামরাঙ্গীরচর ও সুয়ারীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।পরিদর্শনকালে মিলব্যারাক এলাকার এক লিটার পানি পরীক্ষা করে দেখা যায়, সেখানকার পানিতে অক্সিজেনের দ্রবীভূত মাত্রা মাত্র দশমিক ৩৮ মিলিগ্রাম। কিন্তু পানিতে দ্রবীভূত অক্সিজেনের গ্রহণযোগ্য মাত্রা ৪ মিলিগ্রাম। এর পরে সদরঘাট এলাকার পানিতে একই পরীক্ষা চালিয়ে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পাওয়া যায় ১ দশমিক ৫৬ মিলিগ্রাম। পর্যবেক্ষণ দলটি জানায়, শহর থেকে একটু দূরে গেলেই পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেশি পাওয়া যাচ্ছে। কামরাঙ্গীরচর ও সুয়ারীঘাট এলাকায় নদীর পানিতে ব্যাপক হারে চারপাশের বর্জ্য এসে পানি দূষণ করছে। এরপর নদীর পানিতে যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দেবে বলে পর্যবেক্ষণ দলটি জানিয়েছে।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সোবহান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস এবং বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক আজমল হুদা এই পর্যবেক্ষণ দলটির সঙ্গে উপস্থিত ছিলেন।