নদী পারাপারে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ‘শিমুলবাড়ী কুলাঘাট (নতুন) খোশালফারী’ (কুলাঘাট) ঘাটে ধরলা নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন অন্তত তিন-চার হাজার লোক। ঘাটে কমপক্ষে নিজস্ব দুটি বড় নৌকা থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একটি। এ ছাড়া রয়েছে ঘাটের ইজারাদারের মদদে ২৬টি ফাঁড়ি নৌকার দৌরাত্ম্য। পাশাপাশি এ ঘাটে বেশি হারে টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে।১৫ আগস্ট ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের ইজারাদারের নিজস্ব ফারাশটি (বড় নৌকা) ওপারে ছেড়ে গেছে। ফাঁড়ি নৌকা বোঝাই লোকজন। পারাপারের যাত্রীরা নৌকা ছাড়তে মাঝিকে চাপ দিচ্ছেন। কিন্তু মাঝি নৌকায় আরও যাত্রী তোলায় ব্যস্ত।বিরক্ত হয়ে এক যাত্রী বাবু (২৫) বলেন, ‘কিরে ভাই, নৌকাটা ছাড় না! আর কত সময় নিবি। ম্যালা মানুষ হইচে, ছাড় তো!’নৌকার মাঝি রুবেল শুধু বলেন, ‘যাই ভাই, যাই। এই লোক দুইটাক নিয়া ছাড়ি দিমু।’ নৌকার মাঝি আছির উদ্দিন ও রুবেল জানান, এ ঘাটের ইজারাদারের নৌকা বাদ দিয়ে ২৬টি নৌকা চলে। একদিন ১৩টি, পরের দিন অন্য ১৩টি নৌকা রদবদল করে চলে।ঘাটের একাধিক সূত্র জানায়, প্রথম শ্রেণীর ঘাট ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম যুদ্ধাহত পঙ্গু ও শহীদ পরিবার মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের পক্ষে মো. জাহেদুল হকের নামে ইজারা নেওয়া হয়েছে। এর দেখাশোনা করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মইনুল হক ও তাঁর সহযোগীরা। যোগাযোগ করা হলে ঘাট পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মইনুল হক যাত্রী ভোগান্তির কথা স্বীকার করে ১৭ আগস্ট বলেন, ‘ঘাটে ফাঁড়ি নৌকা না রাখলে ঝামেলা বাড়ে। জোর করে নদীতে নৌকা চালায় লোকজন। এরাই যাত্রীদের ভোগান্তি বাড়ায়। প্রসাশনকে জানালেও কোনো লাভ হয় না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ফাঁড়ি নৌকায় লোকজন না গেলেই তো হয়।’