নদী ভরাট করে ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশ অনুসারে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর অংশ বা তীর ভরাট বা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এ ধরনের নির্মাণ জলাধার সংরক্ষণ আইন (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ আইনেরও (১৯৯৫) পরিপন্থী। তার পরও ধলেশ্বরী নদীর শাখানদীর তীরে চলছে ইটভাটার নির্মাণকাজ।দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট এলাকায় সবার চোখের সামনে এই অবৈধ কাজটি চলছে। এমবিসি ইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ১৫ দিন ধরে ইটভাটা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায়, ধলেশ্বরী নদীতীরে মোল্লারহাটসংলগ্ন খেয়াঘাটটির মধ্যেই নির্মিত হচ্ছে ইটের ভাটা। তীর থেকে প্রায় ৩০ গজ দূরে নদীতে ভাঙা ইট ও খোয়া ফেলে বাঁধ দেওয়া হয়েছে। নদীতীরের মাটি কেটে প্রায় ১০০ গজ দূরত্বে এস্কেভেটরের মাধ্যমে মাটি ফেলা হচ্ছে। বাঁধটি প্রায় সাড়ে তিন ফুট উঁচু। লম্বায় প্রায় ৩০ ফুট এবং প্রস্থে প্রায় ৬০ ফুট ইটের ভাটাটি নির্মাণের কারণে মোল্লারহাট খেয়াঘাটটি হারিয়ে গেছে।বাঁধ দেওয়ার কারণে নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং পানিপ্রবাহেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ইটভাটা নির্মাণের কারণে প্রায় ৫০ বছরের পুরোনো মোল্লারহাট খেয়াঘাটটি সরাতে হয়েছে। প্রায় ৩০০ গজ দূরে অস্থায়ীভাবে বিকল্প খেয়াঘাট করা হলেও স্থানীয় বাসিন্দা ও মাঝিদের ধারণা, ইটের ভাটা চালু হওয়ার পর ঘাটটি বন্ধ হয়ে যাবে।বেআইনি: পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, নদীর জায়গায় ইটভাটা করা সম্পূর্ণ বেআইনি। এখানে যে কাজটি করা হচ্ছে, তা সংশোধিত জলাধার সংরক্ষণ আইন (২০১০) ও পরিবেশ সংরক্ষণ আইনের (১৯৯৫) লঙ্ঘন। তিনি বলেন, নদীতীরে ইটভাটা করতে হলেও পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন থেকে ছাড়পত্র নিতে হয়। কিন্তু তা নেওয়া হয়নি।ধলেশ্বরী নদীর এই অংশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়ার সঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে ইটভাটা নির্মাণের জন্য বিআইডব্লিউটিএর অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। খেয়াঘাট বন্ধ করে এ ধরনের স্থাপনা নির্মাণ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, খেয়াঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান ইত্যাদি যেগুলো জনসাধারণের ব্যবহার্য বা জন-অধিকারের অধীন, সেগুলো রূপান্তর বা বন্ধ করে ইটভাটা বা কোনো স্থাপনা করা যায় না। সরকারি সম্পত্তি তো নয়ই, ব্যক্তিমালিকানার জায়গায়ও এগুলো করা বেআইনি।যাত্রী ভোগান্তি: মোল্লারহাট খেয়াঘাটটিতে ২০ বছরেরও বেশি সময় ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখান পর্যন্ত যাত্রীবাহী ট্রলার চালান মাঝি আবদুর রহিম। তিনি বলেন, ঘাটটি সরিয়ে নেওয়ায় ট্রলার ও নৌকার মাঝিদের পাশাপাশি যাত্রীদেরও বড় ধরনের ভোগান্তি হচ্ছে। কারণ, স্থানান্তরিত ঘাটে অবকাঠামোগত সমস্যা রয়েছে। অস্থায়ী খেয়াঘাট স্থাপিত হওয়ায় মুন্সিগঞ্জের অন্য অঞ্চলের নদীপথের যাত্রীরা দুর্ভোগের স্বীকার হচ্ছে। মোল্লারহাট ঘাট থেকে প্রতিদিন ৫০টির মতো ট্রলার এবং বেশ কয়েকটি নৌকা চলে বলে তিনি জানান। নতুন বক্তারচর এলাকার বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মো. বেলাল মুন্সি জানান, খেয়াঘাট এলাকায় ইটভাটা নির্মাণের ফলে পরিবেশের অবশ্যই ক্ষতি হচ্ছে। তাঁদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। এ ছাড়া নদীতীরের মাটি কেটে নেওয়ায় এবং বাঁধ দেওয়ায় নদীর পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। তাঁর মতো অন্য যাত্রীরাও বলেন, এ ধরনের কাজের জন্য নদীপথও সংকুচিত হয়ে যাচ্ছে।সিরাজদিখান এলাকার বাসিন্দা ট্রলারযাত্রী আবদুল হালিম সরকার বলেন, খেয়াঘাট অন্যত্র সরিয়ে নেওয়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। তা ছাড়া এখানে ইটভাটা নির্মাণ করা হলে খেয়াঘাটটি বন্ধ হয়ে যাবে।কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খান প্রথম আলোকে বলেন, নদীতীর কোনো অবস্থাতেই দখল ও ভরাট করতে দেওয়া যাবে না। যে কোম্পানি এ কাজটি করছে, তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমবিসি ইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন মোল্লা। গতকাল ঘটনাস্থলে তাঁকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, মাঝেমধ্যে তিনি আসেন। ঘটনাস্থলে মোসলেম উদ্দিন মোল্লার চাচা এবং নির্মাণাধীন ইটভাটার তত্ত্বাবধায়ক আবদুর জব্বার মোল্লাকে পাওয়া যায়। তিনি বলেন, ‘পৈতৃক সূত্রে এ জায়গা আমাদের। আমার বাপ-দাদারা মোল্লারহাট এলাকার মালিক। আমাদের নিজস্ব জায়গায় ইটভাটা নির্মাণ করছি।’ নদীর জায়গা ভরাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কিছু জায়গা অন্য লোকের কাছ থেকে ভাড়া নিয়েছি। আমরা নদীর জায়গা ভরাট করছি না।’