নদীখননে নেদারল্যান্ডসের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খনন, জমি পুনরুদ্ধার, বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় অঞ্চলে বনভূমি তৈরিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। আজ মঙ্গলবার নেদারল্যান্ডসের উন্নয়ন-বিষয়ক মন্ত্রী বেন ন্যাপেনের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা রোধে বাংলাদেশের নেওয়া বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করার জন্য নেদারল্যান্ডসের প্রতি অনুরোধ জানান। খবর ইউএনবির। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জ্বালানি, বিদ্যুত্ ক্ষেত্র ও বিদ্যুত্ সামগ্রী, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, পর্যটন, টেলিকমিউনিকেশন, চামড়া ও বস্ত্রশিল্পে বিনিয়োগ করতে নেদারল্যান্ডসের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের উন্নয়ন-বিষয়ক মন্ত্রীকে জানান, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নাব্যতা রক্ষা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে সরকার নদী খননের প্রকল্প হাতে নিয়েছে।বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রীর কাছে শেখ হাসিনা আরও দাবি করেন, বিগত বছরগুলোতে সরকার কঠোর হাতে সন্ত্রাস ও দুর্নীতি দমন করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান যথেষ্ট শক্ত বলে তিনি জানান। বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বৈশ্বিক মন্দা থাকলেও বাংলাদেশে প্রবৃদ্ধির হার বেশি। পরে ওই বৈঠকে বাংলাদেশের পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ে ‘প্রিপারেশন অব বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০’ নামে একটি সমঝোতা স্মারক সই হয়।