নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবারও শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের ব্যবধানে আবারও শুরু হয়েছে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ স্থাপনা ও ভরাট জায়গা উদ্ধার অভিযান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তুরাগ নদকে বাঁচাতে এ অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বিআইডব্লিউটিএ-এর গাবতলী ল্যান্ডিং স্টেশনের আশপাশ থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন পুলিশ ও র্যাব সদস্য নিয়োজিত রয়েছে।বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বতন উপপরিচালক মো. শরীফ আফজাল প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুসারে যে তালিকা করা হয়েছে, সে তালিকা ধরে উচ্ছেদ অভিযান চলছে। প্রধানত ভরাট জায়গা উদ্ধার অভিযান চলবে। যদি আজ উচ্ছেদ অভিযান শেষ করা সম্ভব না হয়, তাহলে পর্যায়ক্রমে আবার সময় নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ঢাকা শহরের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু এই চার নদ-নদীর ১১০ কিলোমিটার এলাকায় চার হাজার ২১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে তালিকা তৈরি করে ঢাকা জেলা প্রশাসন ও ভূমি জরিপ অধিদপ্তর। তালিকা অনুসারে গত ৬ এপ্রিল লালবাগের নবাবচরে ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ অভিযানে ৩০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।