ঢাকার চারপাশে চার নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদিত ও সংস্থাটির কাছ থেকে ইজারা নেওয়া স্থাপনা উচ্ছেদ না করার নির্দেশনা চেয়ে করা আবেদনটি খারিজ করা হয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায় সম্পর্কে স্পষ্ট ধারণা (রিমুভ কনফিউশন) চেয়ে বিআইডব্লিউটিএ আবেদনটি করে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন। একই সঙ্গে আপিলের জন্য সনদ চেয়ে বিআইডব্লিউটিএর আরজিও নাকচ করা হয়েছে। ফলে নদীর সীমানায় বা নদীর ভেতরে জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনা ছাড়া অন্য সব স্থাপনা অপসারণ করতে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।অবৈধ দখলে থাকা রাজধানীর পাঁচটি খাল তিন সপ্তাহের মধ্যে উদ্ধার করার জন্য গতকাল সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার জেলা প্রশাসন এ জন্য কার্যকর ব্যবস্থা নেবে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। গতকাল হাইকোর্টের আদেশে বলা হয়, দরখাস্তকারীর (বিআইডব্লিউটিএ) আইনজীবী যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, সেগুলো ইতিপূর্বে ব্যবসায়ীদের আবেদনের ক্ষেত্রে আপিল বিভাগ গ্রহণ করেননি। তাই একই বিষয়ে পুনরায় সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই।জানা যায়, চার নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায় সম্পর্কে স্পষ্ট ধারণা চেয়ে গত ৫ জুলাই বিআইডব্লিউটিএ আবেদনটি করে। আবেদনে নদী ব্যবস্থাপনায় ও কর্তৃত্বে পোর্ট অ্যাক্ট ও রুলস অনুসারে বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনা ও লাইসেন্সকৃত ব্যবসায়ীদের স্থাপনা উচ্ছেদ অভিযানের বাইরে রাখার নির্দেশনা চাওয়া হয়। এরপর ৬ জুলাই আদালত শুনানি মুলতবি করেন। এ বিষয়ে আপিল বিভাগ আদেশ দিয়েছিলেন। এর অনুলিপির জন্য শুনানি মুলতবি করা হয়। এরপর দুই দিন শুনানি শেষে গতকাল আদালত আবেদনটি খারিজ করে দেন। আদালতে বিআইডব্লিউটিএর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, এ বি এম ছিদ্দিকুর রহমান খান, রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী মামলা পরিচালনা করেন।প্রতিক্রিয়া: বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আবেদন খারিজ করে দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ প্রশ্নে তিনি বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ে এ বিষয়ে পরামর্শ চাইব। মন্ত্রণালয় আপিলের সিদ্ধান্ত দিলে আপিল করা হবে। আদালতের নির্দেশনা অনুসরণ করতে হলে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’রিট আবেদনকারীর কৌঁসুলি মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএর আবেদন হাইকোর্টে খারিজ হওয়ায় চার নদী রক্ষায় ইতিপূর্বে হাইকোর্টের আরেকটি বেঞ্চের দেওয়া রায় বাস্তবায়নে আর কোনো বাধা নেই। চার নদীর অভ্যন্তরে থাকা জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনা ছাড়া অন্য সব ধরনের স্থাপনা অপসারণে আর কোনো বাধা নেই।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২৫ জুন চার নদী রক্ষায় হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের আপিল খারিজ হয় আপিল বিভাগে। ফলে ওই রায় বহাল রয়েছে। বিআইডব্লিউটিএর আবেদন খারিজ হওয়ায় নদীগুলোর অভ্যন্তরে থাকা স্থাপনা উচ্ছেদে বাধা নেই।শুনানি: শুনানিতে আজমালুল হোসেন কিউসি বলেন, বিআইডব্লিউটিএকে আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা কোনোভাবে রিট ম্যান্ডামাসে খর্ব করা যাবে না। নদীতে যে স্থায়ী জেটি নির্মাণ করা হয়েছে, তা অবৈধ নয়। দেশের বাইরেও নদীতে এ ধরনের স্থায়ী জেটি রয়েছে। জেটি না থাকলে ব্যবসা বাধাগ্রস্ত হবে। ওই সব স্থাপনা পানিপ্রবাহে কোনো বাধা সৃষ্টি করছে না। নদী রক্ষার প্রচেষ্টা সমর্থন করে অনুমোদিত স্থাপনা অপসারণ না করার আবেদন জানান তিনি। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগের রায় হাইকোর্টের জন্য মানা বাধ্যতামূলক। চার নদী রক্ষায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীরা আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ শুনানি শেষে তা খারিজ করেন। তাই একই বিষয়ের ওপর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। বিআইডব্লিউটিএ অসৎ উদ্দেশ্যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য আবেদনটি দাখিল করেছে। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএর আবেদনপত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে আবেদন দাখিল করার কথা বলা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী গণমাধ্যমে নদী ও পরিবেশ রক্ষার কথা বলেছেন। একনেকের বৈঠকে নদী রক্ষার জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।পাঁচ খাল উদ্ধার: সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, রাজধানীর পাঁচটি খাল তিন সপ্তাহের মধ্যে উদ্ধার করা হবে। খালগুলো হচ্ছে ওয়াসার রামচন্দ্রপুর, কাটাসুর, হাজারীবাগ, কল্যাণপুর ‘ক’ খাল এবং পানি উন্নয়ন বোর্ডের শ্যামপুর খাল। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং দুই পাশে শক্ত পাড় তৈরি করবে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।টাস্কফোর্সের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।আদালত অবমাননা: ঢাকার চার নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপের অভিযোগে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়। ১৮ মে হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন। অন্যরা হলেন উপপরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী ও বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। গতকাল আদালত অবকাশ শেষে রুল শুনানির দিন ধার্য করেছেন। ২৯ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশ চলবে।