নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নাবিল (১০) ও সাবিল (৯) নামের সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় নতুন কুঁড়ি বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান তাদের বাবা। একই স্কুলে নাবিল তৃতীয় ও সাবিল দ্বিতীয় শ্রেণীতে পড়ত। তাদের বাড়ি ওই উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রিপাচ গ্রামে। এলাকাবাসী জানায়, বেলা দুইটার দিকে নাবিল ও সাবিল সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। অন্য শিশুদের কাছে খবর পেয়ে তাদের বাবা খলিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দুই ছেলেকে নদী থেকে উদ্ধার করেন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা সোহেল মাহমুদ নবী দুই ভাইকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী শিশুদের ভাষ্য, এক ভাই নদীর পানিতে ডুবে গেলে অন্য ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়।