পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় দিনাজপুর শহরের পশ্চিম প্রান্তে গোবরাপাড়ার পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন কর্মকর্তাসহ ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।পুলিশ চারজনের লাশই উদ্ধার করেছে। তাঁরা হলেন: দিনাজপুর শহরের বাহাদুর বাজারের জামাল উদ্দিন (৪৫), রামনগরের আওলাদ হোসেন (৩২), লালবাগের মো. রাশেদ (২৮) ও বড়বন্দর ফকিরপাড়ার সবুজ রায় (২৭)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর দিনাজপুর ডিবি পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য ওই জুয়ার আসরে হানা দেন। এ সময় জুয়া খেলায় ব্যস্ত ৪০ থেকে ৫০ জন ব্যক্তি পুলিশের ভয়ে যে যার মতো পালানোর চেষ্টা করেন। ১৫ থেকে ২০ জন ঝাঁপিয়ে পড়েন পুনর্ভবা নদীতে। এঁদের বেশির ভাগ সাঁতরে নদী পার হতে পারলেও চারজন পানিতে তলিয়ে যান।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, জুয়াড়িরা নদীর যেখানে লাফ দিয়েছেন, সেখানে গভীরতা কমপক্ষে ২০ ফুট। রাতেই জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। বাকি তিনজনের লাশ উদ্ধার করা হয় গতকাল বিকেলে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সুপার ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া, ঘটনায় জড়িত তিন পুলিশ কর্মকর্তাসহ মোট ১০ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।গ্রামবাসীর অনেকে জানান, পুনর্ভবা নদীর তীরে রাজাপোড়া ঘাটের উত্তর পাশে একটি ফাঁকা জায়গায় প্রতিদিন জুয়ার আসর বসে। বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে সেখানে খেলেন। আসরে অবাধে ফেনসিডিল, তাড়ি, মদ, গাঁজাসহ বিভিন্ন মাদক বেচাকেনা চলে। জুয়াড়িদের ভয়ে গ্রামের মানুষ, বিশেষ করে নারীরা সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হন না।