পাল্লা দিয়ে ছুটতে গিয়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে তুরাগ নদে পরে তলিয়ে গেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর উপকণ্ঠে আমিন বাজারের কাছে মহাসড়কের সালেপুরে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে ছয় যাত্রী সাঁতরে ও ভেসে তীরে ওঠেন। এঁদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনোয়ারা পরে হাসপাতালে মারা যান। সারা দিন চেষ্টা করেও যাত্রীসহ ডুবে যাওয়া বাসটির কোনো সন্ধান মেলেনি।পুলিশ জানায়, মনোয়ারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী (৩৭তম ব্যাচ)। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার-বাড্ডা রুটের বৈশাখী পরিবহনের ওই বাসটি দ্রুতগতিতে সাভারের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে আমিন বাজার সেতু পার হওয়ার পর সালেপুর সেতুতে ওঠার আগ মুহূর্তে বাসটি বাঁ দিক দিয়ে আরেকটি বাসকে অতিক্রম করার (ওভারটেক) চেষ্টা করছিল। একপর্যায়ে সেতুর গোড়ায়, রেলিং থেকে কয়েক ফুট দূরত্বে থাকা অবস্থায় বাসটি উড়ে গিয়ে পানিতে পড়ে। সেতুর নিচে পানির গভীরতা ৪৫ থেকে ৫০ ফুট বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।বাসের ভেতর থেকে বের হওয়া দুই যাত্রী শাওন শিকদার ও তপন জানান, বাসটি গাবতলীতে আসার পর বেশ কিছু যাত্রী নেমে যায়। অল্প কয়েকজন যাত্রী ওঠেন। পানিতে পড়ার সময় বাসটিতে কেউ দাঁড়িয়ে ছিলেন না। দু-তিনটি আসন খালি ছিল। তাঁদের ধারণা, ৫৬ আসনের বাসটিতে তখন ৫০ জনের মতো যাত্রী ছিল।ঘটনার পরপরই স্থানীয় লোকজন নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানিতে নেমে বাসটি খোঁজার কাজ শুরু করেন। আড়াইটার দিকে আসে নৌবাহিনীর ডুবুরি দল। প্রায় একই সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের একটি দল ঘটনাস্থলে আসে। বিকেলে বাসের অবস্থান শনাক্ত করতে পানির নিচে সার্চ ক্যামেরা নামায় ফায়ার সার্ভিস। সন্ধ্যার পরও নৌবাহিনীর ১৫ জন ও ফায়ার সার্ভিসের ১০ ডুবুরি বাসের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিলেন। রাতে দমকল বাহিনীর কয়েকটি লাইটিং ইউনিট সেখানে পৌঁছানোর পর উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানির নিচে বস্তু শনাক্তের বিশেষ প্রযুক্তি সোনার (সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং) এনে বাসটির অবস্থান নির্ণয় করা হবে। রাতেই যন্ত্রটি চট্টগ্রাম থেকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়।ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ বলেন, নদীর তলদেশে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সার্চ ক্যামেরা নদীর তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারছে না। আর ঘোলা পানিতে খুব বেশি দূর দেখাও যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরি মো. ইউসুফ জানান, তীব্র স্রোতের কারণে এক জায়গায় দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। স্রোত টেনে নিয়ে যাচ্ছে। তা ছাড়া পানির নিচে গ্যাসের পাইপলাইন রয়েছে। উদ্ধারকাজে ব্যবহূত ট্রলারের নোঙর কয়েক বার পাইপে আটকে গিয়েছিল।মুহূর্তেই পানিতে গায়েব: ঘটনার প্রত্যক্ষদর্শী আমিন বাজারের রশীদ মোটর ওয়ার্কশপের মিস্ত্রি আক্তার হোসেন জানান, তিনি সাভার থেকে আমিন বাজার যাওয়ার পথে ওই বাসটিকে পড়ে যেতে দেখেন। এ সময় দ্রুতগতিতে আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করছিল বাসটি। তখন বিকট শব্দ শোনা যায়।আক্তার হোসেন বলেন, ‘কী যেন ফাটার শব্দ হইলো, মনে হয় চাকা। তারপর বাসটা যেন উইড়া গিয়া পানিতে পড়লো। আমি দৌড়ায়া পানিতে তাকাইয়া দেহি পানির মইদ্দে কিচ্ছু নাই। বাস এক্কেরে গায়েব।’ এ সময় তিনি দুই নারী ও চার পুরুষকে সাঁতরে তীরে উঠতে দেখেন। এঁদের একজন পরে মারা যান।ঘটনাস্থলের অদূরেই আমিন বাজার এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনরত কনস্টেবল আমির হোসেন জানান, দ্রুতই তিনি ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি শুনেছেন, বাসটি আরেকটি বাসকে অতিক্রম করার সময় পানিতে ছিটকে পড়ে।প্রত্যক্ষদর্শী আনসার ভিডিপির ইউনিয়ন লিডার আনিসুর রহমান জানান, তিনি তখন রাস্তার উল্টো দিক দিয়ে হাঁটছিলেন। বাসটি দ্রুতগতিতে এসে রীতিমতো উড়ে গিয়ে পানিতে পড়ে। তাঁর ভাষায়, ‘এক্কেরে অলৌকিক। বাসটা যেন পঙ্খীরাজের মতো উইড়া পানিতে ডাইভ দিল।’হইচই, ভিড়: দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, কিন্তু কেউ উদ্ধার হয় না। ঘটনাস্থলে বাড়তে থাকে কৌতূহলী মানুষের ভিড়। ভিড়ের কারণে মহাসড়ক সচল রাখতে পুলিশ-র্যাবকে বেগ পেতে হয়। এক সারিতে ধীরে ধীরে চলছিল গাড়িগুলো।উদ্ধার অভিযানে ঢিলেমি করা হচ্ছে, অভিযোগ করে ক্ষুব্ধ হয়ে ওঠে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। তারা চিত্কার-হইচই করতে থাকে। একপর্যায়ে র্যাব-পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।বিকেলে ঘটনাস্থলে আসতে থাকে নিখোঁজদের স্বজনেরা। অনেকে নদের পাড়ে বসে কাঁদতে থাকে। কেউ কেউ নিজেরাই নৌকায় করে পানিতে নেমে খুঁজতে শুরু করে প্রিয়জনকে।বিকেলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঘটনাস্থলে যান। প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার নানা কারণ থাকতে পারে। সব কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সাংসদ তৌহিদ জং মুরাদ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উদ্ধারকাজ পরিদর্শনে যান।