নদীতে সেতু না থাকায় ঘুরতে হয় ১৮ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার এক অবহেলিত ইউনিয়নের নাম দামোদরপুর। ইউনিয়নটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে চিকলী নদী। নদীতে আজও নির্মিত হয়নি কোনো সেতু। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি নদীর মোস্তফাপুর খেয়াঘাট ও কালিরহাটের পাশে চম্পাতলী খেয়াঘাটে সেতু নির্মাণের। ওই সেতু না থাকায় নদীর এক পাড়ের মানুষ উপজেলা সদরের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করতে পারে না। অপর পাড়ের মানুষ ওই সুযোগ পেলেও আবার ইউনিয়ন পরিষদে যোগাযোগ রক্ষা করতে তাদের যেতে হয় পাঁচ কিলোমিটারের জায়গায় ১৮ কিলোমিটার ঘুরে। জানা যায়, রংপুরের বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়টি ইউনিয়নের শেষ প্রান্তে শেখের হাটে অবস্থিত। নদীর কারণে ইউনিয়নের দ্বিধাবিভক্ত একাংশের লোকজনকে ইউনিয়ন পরিষদে কিংবা জমির খাজনা দিতে ভূমি কার্যালয়ে যেতে পাঁচ কিলোমিটারের জায়গায় বদরগঞ্জ শহর হয়ে চেংমারী দিয়ে ১৮ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। ইউনিয়ন পরিষদে যাতায়াত করার সড়কেরও করুণ অবস্থা। পাকা না হওয়ায় বর্ষাকালে সড়কে কাদামাটি জমে থাকে। আর শুকনা মৌসুমে ধুলাবালুর কারণে যান চলাচল তো দূরের কথা, হেঁটে যাতায়াত করাও কষ্টকর। আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের ভ্যানচালক আবদুল হক বলেন, ‘ইলিফ (রিলিফ) স্লিপ ও বিচার পাবার জন্যে ইউনিয়ন পরিষোদোত হামাক যাবার নাগে ২০ মাইল ঘুরি। নদীটাত বিরিজ থাকলে যাবার নাগতো পাঁচ মাইল।’ ডাঙ্গীরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বিভূতিভূষণ সরকার বলেন, কোনো সমস্যা হলে যেতে হয় ইউনিয়ন পরিষদে। কিন্তু নদীর কারণে সহজে যোগযোগ করা যায় না।কালীরডাঙ্গা গ্রামের কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘সব জায়গায় ইউনিয়ন পরিষদ কার্যালয় আছে ইউনিয়নের মাঝখানে। আমাদেরটা করা হয়েছে ইউনিয়নের শেষ মাথায়। সেখানে যেতে হলে বদরগঞ্জ শহরের ভেতর দিয়ে চেংমারী হয়ে ঘুরে যেতে হয়। এতে সময় এবং টাকা খরচ হয় বেশি।’ পলিপাড়া গ্রামের কৃষক আবদুল মজিত বলেন, ‘ভুঁয়ের খাজনা দেওয়ার অফিসটা নদীর ওই পাড়ে। বিরিজ না থাকায় অনেক দূর ঘুরি জায়া খাজনা দিবার নাগে। হামার কষ্টোর প্যাকে ক্যাঁয়ও দ্যাকে না।’বারোবিঘা গ্রামের গৃহবধূ হাফছা বেগম মায়া বলেন, ‘নদীটাত বিরিজ (সেতু) না থাকায় ব্যালা (বেলা) ডুবার আগোত নৌকাত নদী পার হয়া বাড়িত আইসপ্যার নাগে। রাইতোত নৌকা চলে না।’ দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘আগে যারা চেয়ারম্যান ছিল তারাও চেষ্টা করেছে নদীর ওপর সেতু দুটি করার, কিন্তু কাজ হয়নি। আমিও চেষ্টা করছি। সেতুর কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে ফাইলবন্দী রয়েছে। সেতু না থাকায় ইউনিয়নের মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।’উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘চিকলী নদীতে সেতু দুটি করার চেষ্টা করে যাচ্ছি। এলাকার মানুষের কাছে আমি এটা করে দেওয়ার অঙ্গীকার করেছিলাম।’ সদ্য বদলি হয়ে যাওয়া উপজেলা প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল বলেন, ‘চিকলী নদীর চম্পাতলী ও মোস্তফাপুর খেয়াঘাটে সেতু করার জন্য অনেক আগে সার্ভে করে কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, ব্রিজ হয়ে যাবে।’