নদীদূষণ: পাকিজাকে জরিমানা
পরিবেশদূষণের অভিযোগে বস্ত্র শিল্পকারখানা পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ (প্রা) লিমিটেডকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।আজ শনিবার সকালে সাভারে প্রতিষ্ঠানটির কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে পরিবেশ দূষিত করার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে সাত দিনের মধ্যে বর্জ্য পরিশোধন যন্ত্র কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে ও র্যাব-২-এর সহায়তায় সকাল সাড়ে আটটার দিকে এই অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাকিজা ডাইংয়ের কারখানা থেকে মারাত্মক দূষিত বর্জ্য পরিশোধন ছাড়াই পার্শ্ববর্তী কৃষি জমি ও বিল বাগাইতে পড়ছে। যা পরে বংশাই নদীতে গিয়ে নদীর পানি দূষিত করছে। এ ছাড়া কারখানার বর্জ্য পরিশোধন যন্ত্রটি বন্ধ পাওয়া গেছে।পরে পরিবেশ অধিদপ্তর একটি বাইপাস নালার মাধ্যমে কারখানা থেকে নির্গত দূষিত তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে। ওই নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মাত্র ০.৭৮ মিলিগ্রাম/লিটার (আদর্শ মাত্রা: ৪.৫-৮) এবং পিএইচ পাওয়া যায় ১০.৬ (আদর্শ মাত্রা: ৬.৫-৮.৫)।১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৭ বছরে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজে বেশ কয়েক দফা পরিবেশদূষণের ঘটনা হাতেনাতে ধরা পড়ে। এ কারণে ২০০৭ সালে কারখানার গ্যাস ও বিদ্যুত্সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আর এই প্রথম আজ কারখানাটিকে জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে কারখানার বাইপাস লাইন বন্ধ এবং সাত দিনের মধ্যে বর্জ্য পরিশোধনাগারের সম্পূর্ণ ত্রুটি-বিচ্যুতি দূর করে কার্যকরভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশনা পালনে ব্যর্থ হলে কারখানার ছাড়পত্র বাতিল এবং কারখানা বন্ধ করা হবে বলেও পরিবেশ অধিদপ্তর থেকে হুঁশিয়ার করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্থানীয় জনগণ অনেক দিন ধরেই অভিযোগ করে আসছিল। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ এই অভিযান চালানো হয়।