নদীভাঙন রোধের নামে হরিলুট
গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় যমুনা নদীর ভাঙন ঠেকানোর নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। ভাঙনস্থলে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা নিক্ষেপের কথা থাকলেও তার পরিবর্তে মাটিভর্তি বস্তা ফেলা হচ্ছে। পানির তোড়ে বস্তার মাটি গলে যাওয়ায় এসব বস্তা ভাঙন রোধে কোনো কাজে আসছে না। এ ছাড়া নদীর তীরের ভাঙনস্থলে স্থাপিত বস্তার হিসেবেও গোঁজামিল রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি মৌসুমে যমুনা নদীর ভাঙন রোধে জরুরি প্রতিরক্ষামূলক কর্মসূচির আওতায় প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় দুই উপজেলার তিনটি স্থানে বালুর বস্তা নিক্ষেপের কাজ চলছে। স্থানগুলো হচ্ছে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের সিংড়িয়া, গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বধ্যভূমি ও সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়নের হাসিলকান্দি গ্রাম। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে এই বস্তা ফেলার কাজ শুরু হয়। সূত্রটি জানায়, দুই উপজেলায় ৩৬ হাজার ৯৭০টি জিও বালুর বস্তা ভাঙনস্থলে নিক্ষেপ (ডাম্পিং) করা হবে। এর মধ্যে ফুলছড়ির সিংড়িয়া ও বধ্যভূমি এলাকায় ১৮ হাজার ৯৭০ বস্তা ও সাঘাটার হাসিলকান্দি গ্রামে ১৮ হাজার বস্তা ফেলার কথা। শিডিউল অনুযায়ী প্রতিটি বস্তায় ২৫২ কেজি বালু ভরতে হবে।২৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, ভাঙনস্থলে বালুর পরিবর্তে মাটিভর্তি বস্তা ফেলা হচ্ছে। হাসিলকান্দি গ্রামের কৃষক এমরান আলী অভিযোগ করেন, পানির তোড়ে বস্তা থেকে মাটি গলে বের হয়ে যাচ্ছ। মাটি গলে যাওয়ায় বস্তা পানিতে ভেসে যাচ্ছে। ফলে ভাঙন রোধ হচ্ছে না। একই গ্রামের বুক চিরে নির্মিত হয়েছে ব্রহ্মপুত্র বাঁধ। বাঁধের মাত্র পাঁচ গজ দূরে চলছে বস্তায় মাটি ভরার কাজ। জানতে চাওয়া হলে, এই বাঁধে আশ্রিত দিনমজুর বাবু মিয়া ও আবুল কাশেম জানান, ‘হামরা সারা দিন নদীর বাতাত (তীর) কামলার কাম করি। হামরাগরে বস্তার মদে মাটি দিব্যার দেকোচি। মাটি দিলে ভাঙা বন্দো হবি কিন্যা হামরা জানি না।’সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি ও হাসিলকান্তি গ্রামের ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, গত এক মাসে এই গ্রামের ২৮৩ পরিবারের প্রায় ৭০০ ঘরবাড়ি, ২৫০ একর আবাদি জমি ও একটি বন্যা আশ্রয়কেন্দ্রের ভবন বিলীন হয়ে যায়। গ্রামের ভাঙনস্থলে বালুর বস্তা স্থাপন করায় সংলগ্ন ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ রক্ষা পেয়েছে। কিন্তু আশপাশের এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তিনি বলেন, ‘এই কাজের জন্য আমি ঠিকাদারের কাছ থেকে বালু সরবরাহের দায়িত্ব পেয়েছি। বর্ষা ও নদীতে পানি বেড়ে যাওয়ায় কোথাও বালু পাওয়া যাচ্ছে না। কিন্তু ভাঙন তো ঠেকাতে হবে। তাই মাটি ভর্তি করে বস্তা ফেলা হচ্ছে। এ মাটিতে বালুর ভাগও রয়েছে।’এদিকে, সাঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ বলেন, নদীভাঙন রোধে বালুর বস্তা স্থাপনে শুভংকরের ফাঁকি চলছে।প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত গাইবান্ধা পাউবোর উপসহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, হাসিলকান্দিতে এ পর্যন্ত ১৭ হাজার বস্তা স্থাপন করা হয়েছে। এতে হাসিলকান্দি গ্রামে ১০০ মিটার অংশ ভাঙন থেকে রক্ষা পেয়েছে। এই গ্রামে আরও ৩০০ মিটার এলাকায় জিও বালুর বস্তা ফেলা দরকার। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় কোথাও বালু পাওয়া যাচ্ছে না। তাই মাটিমিশ্রিত বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে।হাসিলকান্দি গ্রামের সংস্কৃতিকর্মী জাকিরুল ইসলাম বলেন, ‘নদীর তীরেই আমার বাড়ি। শুনেছি ১৮ হাজার বস্তা এখানে ফেলা হবে। আমার দেখা হিসাবমতে এ পর্যন্ত প্রায় ছয়-সাত হাজার বস্তা ফেলা হয়েছে। কিন্তু এগুলো ভাঙন রোধে কোনো কাজে আসেনি।’সাঘাটা বাজারের ব্যবসায়ী আবু তাহের অভিযোগ করেন, পাউবো কর্তৃপক্ষ কম সংখ্যক বস্তা ফেলে বেশি হিসাব দেখাচ্ছে। পানির নিচে বস্তা স্থাপন করায় তারা গরমিল করার সুযোগ পাচ্ছে।অপরদিকে, সংশ্লিষ্ট ঠিকাদার সাইদুর রহমান বালুর পরিবর্তে মাটিভর্তি বস্তা ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, দরপত্রের নিয়মানুযায়ী জিও বস্তা স্থাপন করা হচ্ছে। বস্তা নিক্ষেপে গোঁজামিলের অভিযোগ সঠিক নয়। অপরদিকে, ফুলছড়ি উপজেলার সিংড়িয়া ও নামাপাড়া বধ্যভূমি এলাকায় ১৮ হাজার ৯৭০ বস্তা স্থাপনের কথা। এ পর্যন্ত এখানে ১৩ হাজার বস্তা স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু অনিয়মের কারণে এই পরিমাণ বস্তা স্থাপন করেও ভাঙন রোধ হচ্ছে না। সিংড়িয়া গ্রামের ইউপি সদস্য রাজা মিয়া অভিযোগ করেন, চলতি মৌসুমে সিংড়িয়া এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। পাউবো জিও বস্তা স্থাপনের কাজ শুরু করে। প্রায় এক মাস ধরে কাজ চলছে। কিন্তু বস্তা স্থাপনের সঙ্গে সঙ্গে তা নদীতে নিশ্চিহ্ন হচ্ছে। বালুর পরিবর্তে মাটিভর্তি বস্তা স্থাপন করায় পানির ধাক্কায় তা ভেসে যাচ্ছে। তিনি আরও বলেন, এসব কারণেই কয়েক দিন আগে সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি ভবনও ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।একই গ্রামের স্কুলশিক্ষক সামছুজ্জোহা অভিযোগ করেন, এ পর্যন্ত ১৩ হাজার বস্তা স্থাপনের কথা বলা হলেও চার-পাঁচ হাজারের বেশি বস্তা স্থাপন করা হয়নি। ভাঙন রোধ হবে কীভাবে? এমনিতে পানি বেড়ে যাওয়ায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। তার ওপর পুকুর চুরির ঘটনা ঘটছে। পাউবো কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদারেরা এ ধরনের অনিয়ম করলেও দেখার কেউ নেই। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমান বলেন, ‘আমি ভাঙনকবলিত এলাকায় নিয়মিত যাই। কিন্তু পাউবোর কাজ সন্তোষজনক নয়। ঠিকাদারের লোকজন প্রকাশ্যে বালুর পরিবর্তে জিও বস্তায় মাটি ভরছে। এসব কাজের অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’এদিকে ফুলছড়ি উপজেলার বধ্যভূমি এলাকায় বস্তা স্থাপনের ক্ষেত্রে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। নামাপাড়া গ্রামের স্কুলশিক্ষক আলম মাস্টার বলেন, ‘আমার বাড়ির সামনেই বস্তা স্থাপনের কাজ চলছে। শুনেছি বস্তায় মোটা বালু ভরার কথা। অথচ এখানে বস্তার মধ্যে মাটি ভরে স্থাপন করা হচ্ছে। ওই বস্তা থেকে মাটি গলে বেরিয়ে যাওয়ায় ভাঙন রোধ দূরের কথা, এই প্রকল্পের উদ্দেশ্যই ভেস্তে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা না নিলে এসব কাজের জন্য মোট বরাদ্দের অর্ধেকের বেশি টাকা হরিলুট হবে।এই কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত গাইবান্ধা পাউবোর উপসহকারী প্রকৌশলী চন্দ্র শেখর বালুর পরিবর্তে মাটি ভরার অভিযোগ অস্বীকার করে বলেন, বর্তমানে সিংড়িয়ায় দেড় কিলোমিটার ও গজারিয়ার বধ্যভূমি এলাকায় দুই কিলোমিটার-জুড়ে ভয়াবহ নদীভাঙন চলছে। এই বাস্তবতায় সিংড়িয়ায় মাত্র ৪৬ মিটার ও বধ্যভূমি এলাকায় ৪৩ মিটার অংশে কাজ চলছে। এই সামান্য অংশে কাজ করে বিশাল এলাকার ভাঙন রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় মোটা বালু পাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। তবে বস্তায় মাটি ভর্তির অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে বস্তা নিক্ষেপে গরমিলের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, জিও বস্তায় বালুর পরিবর্তে মাটি ভরার কোনো অভিযোগ পাওয়া যায়নি। বস্তা নিক্ষেপের হিসেবে গোঁজামিল দেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, বালুর বস্তা স্থাপনের কাজ শেষ হলে ভাঙন অনেকটা রোধ হবে।