নদীর ধারণক্ষমতা বাড়াতে হবে
১৯৮৭-৮৯ সালে নৌপথের বিষয়ে একটি মহাপরিকল্পনা হয়েছিল। কিন্তু এত বছরেও তার বাস্তবায়ন হয়নি। এখন পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও অঙ্গ সংস্থাগুলো একটি মহাপরিকল্পনার বিষয়ে কাজ করছে।নদীগুলোর নাব্যতা বাড়াতে পানি লাগবে, তার সঙ্গে বাড়াতে হবে নদীর পানিধারণক্ষমতা। সমস্যা হচ্ছে, আমাদের নদীর মুখগুলোই বন্ধ হয়ে গেছে। নদীর প্রবাহিনী শক্তি কমে গেছে, যার জন্য সমুদ্রে পানি প্রবাহিত হয় খুব ধীরগতিতে। নদীগুলোর পানিপ্রবাহ বাড়ালে এবং নদীমুখ খুলে দিলেই নাব্যতার উন্নয়ন ঘটবে।যেখানে নদী খনন করা হয়, সেখানে বা পার্শ্ববর্তী চরে মাটি বা বালু ফেলা উচিত নয়। কারণ, সেগুলো আবার নদীতেই পড়বে। নদীতেও ফেলা উচিত নয়। দূরে ফেলতে গেলে অনেক খরচ হয়ে যেতে পারে মনে করে বিআইডব্লিউটিএ হয়তো বালু ফেলে না। পরিকল্পিতভাবে খনন করে উত্তোলিত মাটি বা বালু ব্যবহার করতে হবে। নদীর পাড় বাঁধাইয়ে এই বালু কাজে লাগানো যায়। এ ছাড়া লাভজনক কাজে মাটি ও বালু ব্যবহার করা যায়।নেভিগেশন রুটগুলোতে কখন, কোথায়, কত ঘনমিটার খনন করা হয়েছে, তার বিস্তারিত তথ্য বিআইডব্লিউটিএর উপস্থাপন করা উচিত। খননকাজের সময় উপযুক্ত ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকতে হবে। পর্যবেক্ষককে হতে হবে সৎ ও দায়িত্বশীল। তাহলে খননকাজ করা হয়েছে কি না, সে বিষয়ে সন্দেহ থাকবে না।অধ্যাপক মো. আবদুল মতিন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ প্রকৌশল বিভাগের প্রধান