নদীর পানি বিশুদ্ধ করতে দেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্থাপিত হয়েছে ‘প্রাকৃতিক পানি পরিশোধনাগার’। সরকারের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্রতী পাঁচ বছরেরও বেশি সময় গবেষণা করে চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রাম, লাহারপুর ও লক্ষ্মীপুর গ্রামসংলগ্ন মহানন্দা নদীর পানি পরিশোধিত করে মাত্রাতিরিক্ত আর্সেনিক আক্রান্ত ওই গ্রামগুলোতে সরবরাহ করেছে।আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই পানি শোধনাগার প্রকল্প স্থাপিত হয়েছে। এই প্রকল্প থেকে আর্সেনিক আক্রান্ত তিনটি গ্রামের প্রায় ছয় হাজার মানুষ (প্রায় এক হাজার ২০০ পরিবার) পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারবে। এরই মধ্যে এই প্রকল্পের পরীক্ষামূলক পানি সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে এবং গ্রামের মানুষ পানি পান করছে এবং রান্নার কাজে ব্যবহার করছে।সংবাদ সম্মেলনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন পানিবিশেষজ্ঞ ও ব্রতীর নির্বাহী বোর্ডের সদস্য আইনুন নিশাত। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্রতীর পরামর্শক অধ্যাপক আমির হোসেন খান, সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক এ আতিক রহমান, ব্রতীর প্রকল্পের সমন্বয়কারী আবদুল¬াহ আল হারুন ও পরিচালক এম মাসুদ।সংবাদ সম্মেলনে শারমীন মুরশিদ জানান, এই পরিশোধনাগার পানির ১০০ শতাংশ ব্যাকটোরিয়া, কলিফর্ম ও ভাইরাস পরিশোধন এবং ৯৫ শতাংশ ঘোলাভাব দূর করতে পারে। এ ছাড়া ৯০ শতাংশ পর্যন্ত আয়রন ও ম্যাংগানিজ মুক্ত করতে পারে।