নদীর বুক চিরে সেচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগেও আত্রাই ছিল বহতা এক নদী। বর্ষা তো বটেই, গ্রীষ্মেও নদীতে পানি ছিল, যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় সব কাজের পাশাপাশি অনায়াসে জমিতে সেচ দিত নদীর দুই পাশের গ্রামের মানুষ। গত বছর থেকে শুকাতে শুরু করে বোরো মৌসুমের শেষ প্রান্তে এসে পুরোপুরি শুকিয়ে যায় আত্রাই। মান্দা উপজেলায় নদীটির গতিপথ দেখার সময় মাঝেমধ্যে থমকে দাঁড়াতে হয়। বরেন্দ্র অঞ্চলের মতোই বিশুষ্ক মাটিতে রূপ নিয়েছে আত্রাইয়ের তলদেশের মাটি। চোখে পড়ল নদীর এক পাশে সাদা ও অন্য পাশের লাল মাটি।কিন্তু নদী যতই শুকিয়ে মরুক, হাত গুটিয়ে বসে থাকলে যে থমকে যায় নদীর দুই পাশের গ্রামের মানুষের জীবন। বোরো মৌসুমে সেচ না পেলে যে ফসল ঘরে তোলা হবে না। বছরের শুরুতেই প্রসাদপুর, কালিকাপুরসহ অন্তত ২০ গ্রামের মানুষ বিকল্প পথে জমিতে সেচ দেওয়ার কথা ভাবতে শুরু করেন। প্রসাদপুর গ্রামেরই এক কৃষক প্রস্তাব করেন আত্রাইয়ের বুকে শ্যালো ইঞ্জিন বসিয়ে সেচ দেওয়ার। যেই কথা, সেই কাজ। প্রস্তাবটা গ্রামবাসীর পছন্দ হলো। অনেকটা সমবায় পদ্ধতিতে গ্রামের লোকজন আত্রাই থেকে পানি তুলে সেচের ব্যবস্থা করলেন এ মাসের প্রথম দিন থেকে। আত্রাই থেকে পানি তুলে সেচ দেওয়ার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে কালিকাপুর গ্রামের আক্কাস আলী সরকার বললেন, ‘আমরা প্রায় ৬০ জন দেড় শ বিঘা জমিতে সেচ দেওয়ার সিদ্ধান্ত নিই। এ জন্য পল্লী বিদ্যুতের সংযোগ, ডিজেলচালিত জেনারেটর ও চারটি শ্যালো পাম্প কিনেছি। সব মিলিয়ে খরচ হয়েছে তিন লাখ ২০ হাজার টাকা। এ টাকা আমরা সবাই সমানভাবে দিয়েছি।’আক্কাস আলী জানান, বিদ্যুৎ দিয়ে জমিতে সেচ দিতে বিঘাপ্রতি খরচ হয় ৪৫০ টাকা আর ডিজেলে খরচ বেড়ে হয় ৭০০ টাকা। প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হলে পাঁচ দিনে তাঁদের সমিতির ১৮০ বিঘা জমিতে সেচ দেওয়া যেত। কিন্তু বিদ্যুৎসংকটের কারণে কমপক্ষে ১৫ দিন লাগবে।গত শুক্রবার দুপুরে আক্কাসের সঙ্গে কথা হচ্ছিল আত্রাই নদীতে বসানো সেচযন্ত্রের পাশে দাঁড়িয়ে। তিন ঘণ্টা পর বিদ্যুৎ এলে ডিজেলচালিত জেনারেটর বন্ধের তোড়জোড় শুরু করেন তাঁর সঙ্গীরা। মধ্য ত্রিশে পৌঁছানো কৃষকটি বলতে থাকেন, ‘আরে থাম থাম। দেখ, কারেন্ট (বিদ্যুৎ) লাস্টিং করে কি না। জেনারেটর বন্ধ করলেই দেখবি কারেন্ট চলে গেছে।’ আক্কাস বলতে না বলতেই বিদ্যুৎ উধাও। অভিজ্ঞতা বলে কথা। তাঁর ভাষ্য, সারা দিন মিলে এ অঞ্চলে ছয় ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। তাই সেচখরচ এ বছর গতবারের চেয়ে দ্বিগুণের বেশি হবে।রইসউদ্দিন নামের একজন কৃষক জানালেন, এ ধরনের ১৮০টি সমিতির মাধ্যমে জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জোকাহাট, পাঁজরভাঙ্গা, জুতবাজার, বুড়িদহ, কয়াপাড়া, কামারপুরি, ফেরিঘাট, মেরুল্লা, গোসাইপুর, কালিকাপুর, দুশতী, আয়াপুর, লক্ষ্মীরামপুর, তানৈইল, বেজোড়া, বানডুবি ও মদনচকসহ প্রায় ২০টি গ্রামে সমিতি করে পাম্প বসিয়ে ধানের প্রকল্পে সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল হক বলেন, আত্রাই ও এর শাখা ফকিরনী নদীর পানি দিয়ে তাঁদের ১৮০টি প্রকল্পে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হতো। এবার নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে এই প্রকল্প হুমকির মুখে পড়ে, তখন কৃষকেরা নদীর তলদেশ খুঁড়ে পাইপ বসিয়ে পানি তুলে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে পানি তুলে গর্তে জমিয়ে সেখান থেকে আবার আলাদা মেশিন দিয়ে জমিতে সরবরাহ করছেন। তিনি বলেন, গতবারও এই নদীর পানি শুকিয়ে গিয়েছিল কিন্তু এবার ২৫ দিন আগেই নদী শুকিয়ে যায়। এবার ধান রোপণেও দেরি হয়েছে। এ জন্য কৃষকদের বাড়তি খরা মোকাবিলা করতে হচ্ছে। এতে ফসল নষ্ট হবে না কিন্তু কৃষকের খরচ দ্বিগুণ হচ্ছে।