নদীর বুকে নলকূপ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীতে বন্যানিয়ন্ত্রণের উদ্দেশে ১৯৯৫ সালে নির্মাণ করা হয় বন্যানিয়ন্ত্রণ বাঁধ। উত্তরের উজান থেকে আসা তুলসীগঙ্গা নদীর ক্ষেতলাল উপজেলার বটতলী থেকে আক্কেলপুর উপজেলার হলহলিয়া ব্রিজ পর্যন্ত দুই তীরে পাঁচ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ ছাড়াও নির্মাণ করা হয় ১৪টি স্লুইজ গেট এবং বড় বড় পাঁটি সড়ক সেতু। আশা ছিল বাঁধের কারণে উপকৃত হবে ক্ষেতলাল আক্কেলপুর এবং জয়পুরহাট সদর উপজেলার সহস্রাধিক কৃষক। চাষ হবে ১০ হাজার হেক্টর জমি। কিন্তু নদী পুনঃখনন না করে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং স্লুইজ গেটগুলো অকেজো থাকায় বর্ষা মৌসুমে একদিকে যেমন পানি নামে বিলম্বে, অন্যদিকে খরা মৌসুমে শুকিয়ে থাকে নদীর পানি। ফলে বাঁধটি এলাকার মানুষের কোনো কাজে আসছে না। কৃষকেরা সেচব্যবস্থা চালু রাখার জন্য এখন নদীতে নলকূপ স্থাপন করে চলছে।সরেজমিনে বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, বর্তমানের খরা মৌসুমে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর, তিলাবুদুল, ইকরগাড়া, দাশড়া, মহব্বতপুর, আমিড়াসহ ২০টি গ্রামের কৃষক বোরো চাষের জন্য শুকিয়ে যাওয়া নদীতে অগভীর নলকূপ স্থাপন করে সেচের ব্যবস্থা করেছে।ক্ষেতলালের বটতলী বাজারের ব্যবসায়ী মিলন রহমান জানান, বর্ষা মৌসুমে নদী দিয়ে দ্রুত পানি না নামায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রতি বছর ঘটে ফসল হানি।ইকরগাড়া গ্রামের কৃষক আবুল হোসেন জানান, তাঁদের পরিবারের কমপক্ষে ৫০ বিঘা জমি আছে বাঁধ এলাকার মধ্যে। আগে এখানে ষোল আনা ফসল হতো কিন্তু অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে বর্ষায় জমিগুলো থাকে পানিতে ডুবে আর শুকনো মৌসুমে হয় ফেটে চৌচির।বাঁধসংলগ্ন ক্ষেতলালের মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে নদীর পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে বর্ষায় তাঁর ইউনিয়নের নিচু এলাকার অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে ডুবে থাকে। তখন মানুষ বাধ্য হয়ে বাঁধ কেটে দিয়ে বন্যার পানি অপসারণ করে। জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দৌলতুজ্জামান এ বিষয়ে জানান, চলতি বছর তুলসীগঙ্গা নদী খননের কোনো চিন্তাভাবনা নেই। তবে বাঁধের আক্কেলপুর উপজেলার উলপুর নামক স্থানে একটি স্লুইস গেট নির্মাণের জন্য এক কোটি ৪৮ লাখ নয় হাজার ৪৬৭ টাকা টাকা বরাদ্দ হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।