নদীর ভাঙনে বঙ্গবন্ধু সেতুর ক্ষতি হবে না: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সিরাজগঞ্জে যমুনা নদীতে যে ভাঙন হচ্ছে, এতে বঙ্গবন্ধু সেতু ও সেতুর গাইড বাঁধ—কোনোটিই হুমকির মুখে নেই।আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের নদীভাঙন ও বঙ্গবন্ধু সেতুর ফাটল এলাকা পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।আবুল হোসেন বলেন, ক্যাপিটাল ড্রেজিং (বৃহদাকারের খনন) ছাড়া নদীর ভাঙন রোধ করা সম্ভব নয়। যমুনা নদী খননের জন্য এরই মধ্যে একটি ড্রেজিং মেশিন এসে পৌঁছেছে, বাকি তিনটি মেশিন আগামী সাত দিনের মধ্যে এসে যমুনা নদীতে ড্রেজিং কাজ শুরু করবে। আর এ ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তিত হবে। যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ও বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধ ঝুঁকি থেকে রক্ষা পাবে।বঙ্গবন্ধু সেতুর ওপরের অংশের কিছু অংশের ফাটল পরীক্ষামূলকভাবে মেরামত করা হয়েছে। ফাটলের বিষয়গুলো যাচাইবাছাইপূর্বক টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।পরিদর্শনকালে সেতু কর্তৃপক্ষের যুগ্ম সচিব আবদুল কাদের, পরিচালক (পরিকল্পনা) আজিজুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়া, সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা ও সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।