স্বপ্ন সর্বজনীন কি না, তা আমার জানা নেই। ভিন্ন ভিন্ন পরিচয়ে একজন ব্যক্তির স্বপ্নের মাত্রা এবং উপাদান হয়তো ভিন্ন। মায়ের স্বপ্ন, বোনের স্বপ্ন কিংবা স্ত্রীর স্বপ্নে একই বিষয়বস্তু হয়তো ভিন্নরূপে দেখা দেয়। আবার একজন খাদ্যমন্ত্রীর স্বপ্নের সঙ্গে বুভুক্ষু একজন নাগরিকের স্বপ্নে মিল-অমিলের হিসাব খুব সহজ নয়। একজন পরিবেশকর্মীর স্বপ্নের সঙ্গেও তেমনি পরিবেশের কর্তাব্যক্তিদের স্বপ্নের বিস্তর ব্যবধান রয়েছে বলেই আমার বিশ্বাস। তবে প্রত্যাশায় ও কর্মকাণ্ডে যত দূরত্বই থাকুক না কেন, একজন পরিবেশকর্মী হিসেবে আমি নিরন্তর শুভ স্বপ্ন দেখে যাই। অনেক হতাশা আর অপ্রাপ্তির মধ্যেও সুন্দর স্বপ্নই কঠিনকে মোকাবিলা করতে আমাকে সাহস জোগায়। প্রথম আলো যখন স্বপ্ননির্ভর একটি লেখা চাইল, অন্য বিষয়ের লেখকদের কী অবস্থা, তা না জানলেও আমি বেশ উৎসাহিত বোধ করেছি এ কারণে যে কিছুক্ষণের জন্য হলেও মামলার প্রস্তুতি বাদ দিয়ে আমি এমন কিছু লিখতে পারব, যাতে আনন্দঘন ও ভালো কিছু শব্দ থাকবে।আমি কেমন পরিবেশ চাই? আপাতদৃষ্টিতে এ প্রশ্নের উত্তর খুব সহজ। আমি দূষণমুক্ত নির্মল পরিবেশ চাই। আমার এই চাওয়ার সঙ্গে ১৬ কোটি মানুষের কেউ কি অমত করতে পারবে? এ প্রশ্নের উত্তরও খুব সহজ নয়। তবে বাস্তবে এ গন্তব্যে পৌঁছাতে এত বাধা পেরোতে হচ্ছে যে স্বপ্ন দেখা এখন আর কোনো বিলাসিতার পর্যায়ে নেই, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রামের অন্যতম উদ্দীপক। অদম্য কিছু যোদ্ধা স্বপ্ন দেখেছিল বলেই তো দেশ আজ স্বাধীন, আর সেই স্বপ্নেরই ধারাবাহিকতায় দেশে আজ গণতন্ত্র বিদ্যমান। আমিও স্বপ্ন দেখি নীল আর সবুজের। তবে সবচেয়ে বেশি স্বপ্ন দেখি আনন্দঘন, দুশ্চিন্তাহীন শৈশবে ফিরে যাওয়ার, যে শৈশব শত চেষ্টা করেও আমার সন্তানদের আমি দিতে পারছি না।আজ জাহাজ ভাঙা, জলাশয় ভরাট, বন উজাড় কিংবা শিল্পদূষণ নিয়ে লেখা শুরু করব না। আজকে লেখার প্রথমেই মা হিসেবে সন্তানের জন্য কেমন পরিবেশ চাই, তা দিয়েই শুরু করব। পরিবেশকর্মী হিসেবে প্রথম যে সেমিনারে যাই, সেখানে ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিবেশকর্মী মেনকা গান্ধী মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কেন পরিবেশবাদী হলেন, একজন প্রশ্নকর্তার এমন প্রশ্নের উত্তরে তাঁর জবাব ছিল খুবই স্পষ্ট এবং বলিষ্ঠ। তাঁর মতে, সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। সেদিন কথাটি মনে দাগ কেটেছিল। আজ ১৮ বছরের কর্মজীবনের বাঁকে এসে তাঁর বক্তব্যের সঙ্গে নিজের উপলব্ধির গভীর সম্পর্ক খুঁজে পাই।নগর শিশু হলেও আমি ছোটবেলা ঘুম থেকে উঠে শিউলী ফুল, বকুল ফুল কুড়িয়েছি, হাসনাহেনার গন্ধে সাপ আসে এমন কথা শুনেছি, গাছের আম, কাঁঠাল, পেয়ারা, করমচা, বরই, পেঁপে খেতে পেরেছি। কার্বাইড তখন কোনো দুশ্চিন্তার বিষয় ছিল না। আমার বাড়ির সামনে কৃষ্ণচূড়ার লাল ফুল দেখেছি। বাগানে অনেক রকম ফুলের গাছ দেখেছি। সে সময় ফুলের বাগানে ব্যাডমিন্টন খেলা যাবে না—এটিই ছিল আদেশ। সে বয়সে ফুলের জন্য তেমন দরদ না থাকলেও এখন ঢাকা শহরের হারিয়ে যাওয়া বাগানগুলোকে অনেক মনে পড়ে। কেউ কি খেয়াল করেছে, ধানমন্ডি কিংবা গুলশানের অভিজাত বাড়িগুলোর সামনে থেকে বাগানগুলো হারিয়ে গেছে! এসব বাগানে এখন ঠাঁই পেয়েছে আবাসন কোম্পানির মনভোলানো বিজ্ঞাপন আর দালান। নগরে বেড়ে উঠলেও ছোটবেলায় মাঠের অভাব কখনো অনুভব করিনি। স্কুলের মাঠে, বাড়ির আঙিনায় কোথাও কি জায়গার অভাব ছিল?আমার সঙ্গে আমার সন্তানদের শৈশবে অনেক পার্থক্য। বাগান আছে, ঢাকা শহরের এমন কোনো বাড়িতে আমার সন্তানদের নিয়ে যেতে পেরেছি বলে মনে পড়ে না। বাগান যেহেতু দেখেনি, তাই বাগানের আবদার তারা করেও না। তবে শিশুর স্বাভাবিক চাহিদার তাগিদেই খেলার মাঠে নিয়ে যাওয়ার দাবি তোলে। সবুজ নগরে বেড়ে ওঠা আমাকে এখন খেলার মাঠ রক্ষার মামলা করতে হয়। সারি সারি ফ্ল্যাটের বহরেও আমি কিন্তু প্রত্যয়ের সঙ্গে স্বপ্ন দেখি সবুজের প্রত্যাবর্তনের। ঢাকা শহরে বাড়ির উঠোনে বাগান হয়তো আর ফিরে আসবে না, কিন্তু নগরকে সবুজ করা যায় সহজেই, যদি সরকারের পক্ষ থেকে সঠিক দর্শন ও তদারকি থাকে।প্রতিবার বৃক্ষমেলায় প্রধানমন্ত্রী জনগণকে আহ্বান জানান নিজ বাড়িতে বা টবে অন্তত দুটি গাছ লাগাতে। কদিন আগে গণমাধ্যমের এক কর্মী টেলিফোনে জানতে চাইলেন, তাঁর মায়ের ফ্ল্যাট বাড়ির ছাদে রাখা টবগুলো সরিয়ে নিতে বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাট মালিকেরা যে উদ্যোগ নিয়েছেন, তার বিরুদ্ধে তিনি কোনো আইনি সহায়তা পেতে পারেন কি না? বাস্তবে উত্তর না হলেও, স্বপ্নে হ্যাঁ হতে দোষ কোথায়?আমার ছোটবেলা স্কুলে যাওয়ার জন্য সকালে ঘুম থেকে ওঠা একটি আনন্দের ব্যাপার ছিল। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুদের দেখব, এমন উত্তেজনার কাছে ঘুম থেকে ওঠা কোনো বিষয়ই ছিল না। অথচ আমার তিন স্কুলগামী সন্তানকে সকালে ঘুম থেকে ওঠাতে আমার যেমন কষ্ট হয়, ওদেরও তেমনি। যেখানে বাসা থেকে স্কুলের দূরত্ব স্বাভাবিক ট্রাফিকে মাত্র সাত মিনিট, সেখানে ন্যূনতম ৪০ মিনিট হাতে রেখে তারা বাড়ি ছাড়ে, আর ফেরে বিকেলে। রাস্তায় আমার সন্তানদের নিরাপত্তা নিয়ে আমি যত উদ্বিগ্ন, আমার বাবা-মাকে ততটা চিন্তিত কখনো দেখিনি। ছোটবেলা ট্রাফিক সিগন্যালে আমাদের গাড়ি প্রায়ই প্রথম হলেও এখন ট্রাফিকের লম্বা লাইনে অনেক গাড়ির পেছনে দাঁড়ানোই যেন নিয়ম। নগরায়ণ যত দ্রুত হচ্ছে, চলাচলেও যেন ততই স্থবিরতা আসছে। নিরাপত্তা যতই বাড়ছে, জীবন যেন ততই অনিরাপদ হয়ে উঠছে। আমি স্বপ্ন দেখি নিরাপদ সড়কের, আর এমন এক সড়কব্যবস্থার, যেখানে সময়ের মূল্য উপেক্ষিত হবে না। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর স্বপ্নটা যদি সহসাই সত্যি হতো! স্বপ্ন সাদাকালো হয় নাকি, তাতে রংও দেখা যায়, এ নিয়ে বিজ্ঞানীরা বিভক্ত। আমি রঙিন স্বপ্নের পক্ষে। বন নিয়ে, প্রাণ নিয়ে, পাখি নিয়ে, ফুল নিয়ে সাদাকালো স্বপ্ন কীভাবে দেখব? একজন পরিবেশকর্মী হিসেবে আমি প্রতিনিয়ত পরিবর্তনের স্বপ্ন দেখি। বদলে যাওয়ার স্বপ্ন না দেখলেও বদলে দেওয়ার স্বপ্ন দেখি। ‘তুমি যা চাও তা কি কখনো হবে’ কিংবা ‘এসব স্বপ্নেই দেখো’ এ দুটি বাক্যের সঙ্গে আমি খুবই পরিচিত। তার পরও নির্মল পরিবেশের স্বপ্ন দেখতে আমি নিরুৎসাহিত বোধ করি না। কারণ প্রধানত দুটি—আমি এমন একটি দেশের পরিবেশ সংরক্ষণের স্বপ্ন দেখি, যেখানে শতকরা ৯০ জন মানুষ এখনো জীবিকার জন্য প্রকৃতির দ্বারস্থ হয়। দ্বিতীয় যে কারণে আমি পরিবেশ নিয়ে স্বপ্ন দেখার স্পৃহা কখনোই হারাব না, তা হলো এ দেশের পরিচয় রক্ষার স্বার্থে। এ দেশ মানেই তো নদী, সমুদ্র, ধানখেত আর প্রাণবৈচিত্র্য। কেউ কি কখনো ভুলেও এ দেশের অন্য কোনো চিত্র আঁকতে পেরেছেন? কোনো চিত্রশিল্পী কি এ দেশের কৃষক বাদ দিয়ে শিল্পপতিদের ছবি এঁকেছেন কিংবা কলস কাঁধে নারীর পরিবর্তে বোতলজাত পানি হাতে নারীর ছবি? এগুলো বেশি হলে বাণিজ্যিক বিজ্ঞাপনের উপাদান হতে পেরেছে, কিন্তু এখনো এ দেশ মানেই সুন্দরবন, সে বনের রয়েল বেঙ্গল টাইগার, সবুজের সমারোহে কৃষকের হাসি, জেলের জালে রুপালি মাছের ঝাঁক, নদীতে সাঁতাররত দুর্বার কিশোর আর পাহাড়ে হেঁটে বেড়ানো বিভিন্ন বর্ণের জাতিসত্তা। আমি তাই এসব ঐতিহ্য রক্ষার স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখি এসব ধ্বংসকারীর শাস্তির।এ দেশ যদি নদীমাতৃক হয়, তবে নদীর মৃত্যু তো মায়ের মৃত্যুরই সমান। আমি মা-সম নদীগুলোতে কল্লোল ফিরে পেতে চাই। আমার স্বার্থে, আমার সন্তানদের স্বার্থে মৃতপ্রায় নদীগুলোতে প্রাণের প্রবাহ ফিরিয়ে আনতে চাই। এমন একদিন চাই, যেদিন লন্ডন ও সিঙ্গাপুরের দূষিত নদীতে প্রাণ ফিরিয়ে আনার উদাহরণ বাদ দিয়ে সবাই বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরে পাওয়ার ঘটনাকেই উদাহরণ হিসেবে ব্যবহার করবে।বাংলাদেশের বাস্তবতার বন যেন ক্রমেই ইতিহাস হয়ে উঠছে। নানা রঙের বৃক্ষের বদলে আগ্রাসী নগর দখল করে নিচ্ছে বনাঞ্চল। যা-ও অবশিষ্ট আছে সেখানে প্রাকৃতিক রকমারি গাছ লতাগুল্ম নেই বললেই চলে। বন বিভাগ সেখানে বাণিজ্যিক প্রজাতির গাছ লাগিয়েছে! বন বিভাগের বাণিজ্যিক নীতি এমন চরমে পৌঁছেছে যে প্রধান বন সংরক্ষকের বালিশে পাওয়া গেছে প্রায় এক কোটি টাকা! এক কোটি টাকার বালিশে ঘুমিয়ে তিনি কী স্বপ্ন দেখতেন আমি জানি না, কিন্তু আমি স্বপ্ন দেখি বন সংরক্ষণের নতুন ইতিহাস রচনার। হারিয়ে যাওয়া অরণ্য ফিরে পেতে, সেখানে বন্য প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে আর বনবাসীদের জীবিকার নিশ্চয়তা দিতে আমি স্বপ্ন দেখি ধ্বংসের প্রক্রিয়া রোধ করার। বন, অরণ্য আর বন্য প্রাণী রক্ষার সংগ্রাম মনুষ্যত্বের সংগ্রাম, মানবতার সংগ্রাম, সভ্যতার সংগ্রাম। আমি সেই সংগ্রামের সফলতার স্বপ্ন দেখি। এ স্বপ্ন সফল হলে রং চিনতে শিশুদের আর দামি রং-পেনসিলের দরকার হবে না। পাখির ডাক ভালোবেসে যে শিশু বেড়ে উঠবে, তার সঙ্গে একজন পেশাদার শিকারির মূল্যবোধে অনেক তফাত। আমি স্বপ্ন দেখি সংবেদনশীল ভবিষ্যৎ প্রজন্মের!আমি বলিষ্ঠ কৃষক সংগঠনের স্বপ্ন দেখি। অত্যাচারী চিংড়িচাষি কিংবা জাহাজভাঙা শিল্পের মালিকদের মোকাবিলায় বলিষ্ঠ শ্রমিক সংগঠনের অস্তিত্ব চাই। জলাশয় ভরাটকারীদের বিচার চাই। আরও চাই দুষ্ট রাজনীতিবিদদের প্রস্থান আর সৎ, প্রত্যয়ী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতৃত্বের উত্থান। এমন একজন নেতা চাই, যিনি জলাশয় ভরাটকারীদের ভূমিদস্যু বলেই ক্ষান্ত হবেন না, বরং জনস্বার্থে তাদের শাস্তি দেবেন, প্রাণহন্তারক শিল্পপতিদের মালিক বিবেচনা না করে আইনের মুখোমুখি করবেন, আর রপ্তানি আয়ের বিপরীতে কৃষকের প্রাণের অর্থনীতিকে বিসর্জন দেবেন না! আমি স্বাধীন বিচার বিভাগ চাই, দেশপ্রেমে উজ্জীবিত পুলিশ প্রশাসন চাই, সজাগ মানবাধিকার কমিশন চাই, বলিষ্ঠ তথ্য অধিকার কমিশন চাই, আর চাই তৎপর ও রাজনৈতিক প্রভাবমুক্ত দুর্নীতি দমন কমিশন!ইতিবাচক এত সব স্বপ্ন আর বৈসাদৃশ্যপূর্ণ বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েও আমি এবং আমার মতো অনেকেই স্বপ্নপূরণে প্রত্যয়ী। এসব স্বপ্নকে সত্যে রূপ দিয়ে তবেই ক্ষান্ত হব। সৈয়দা রিজওয়ানা হাসান: প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।