ননী ঘোষের ‘আদর্শ খাদ্য’
শীতল হাওয়ায় কাবু নগরবাসী। এ সময় একটু গরম খাবার বা পানীয় চাঙা করে শরীর ও মন দুটোকেই। তাই ভোজনরসিকেরা ছুটেছেন গরম খাবার ও পানীয়র দিকে। রাজধানীর ভেজাল আর অস্বাস্থ্যকর খাবারের মধ্যে ‘আদর্শ’ হয়ে টিকে আছে রথখোলায় প্রায় শতবর্ষী পুরোনো ননী গোপালের দুধের দোকানের গরম ধোঁয়া ওঠা খাঁটি দুধ। এক গ্লাস গরম দুধে শরীর-মন চাঙা করে লিখেছেন আজহার হোসেনরথখোলার মোড় থেকে যে রাস্তাটা চলে গেছে নবাবপুরের দিকে, সেখানটায় আছে ছোট্ট একটা দোকান। সাদামাটা দোকানের ভেতরে পাতা আছে আদ্যিকালের দুটি টেবিল আর বেঞ্চি। দোকানের বাইরেও একটি বেঞ্চি পাতা। কিন্তু সেগুলোতে বসা দায়। ক্রেতারা বসে আছেন দুধভর্তি গ্লাস হাতে। কেউবা আবার দাঁড়িয়ে আছেন বসার জায়গা খালি হওয়ার আশায়। আর যে পানীয়কে ঘিরে এত আয়োজন, সেই দুধ ফুটছে কড়াইয়ে। এ চিত্র ননী গোপাল ঘোষালের দুধের দোকানের।পুরান ঢাকার রথখোলা মোড় দুধের আড়তের জন্যই পরিচিত। সেখানে বিকিকিনি হয় কাঁচা দুধ। আড়তের পাশেই ননী গোপাল ঘোষালের দুধের দোকান। জ্বালানো গরম দুধ পাওয়া যায় এখানে।বিকেল সাড়ে চারটার পর শুরু হয় দুধ জ্বাল দেওয়া। দুধ সরবরাহ করেন কেরানীগঞ্জের আটির গোয়ালারা। প্রতিদিন ৭০ লিটার দুধ জ্বাল দেওয়া হয় এ দোকানে। দুটি কড়াইয়ে জ্বাল দেওয়া ফেনা ওঠা দুধে ভাসতে থাকে মালাই। ননী গোপাল ঘোষ জানান, দুধ পবিত্র একটি খাদ্য। এতে অন্য কিছু মেশানো হয় না। শুধু দুধের সঙ্গে চিনি দেওয়া হয়। আর কেউ চাইলে চিনি ছাড়াই দুধ পরিবেশন করা হয়। প্রতি গ্লাস দুধ ২০ টাকা। দুধ খেতে চাইলে আসা যাবে রাতেও। কারণ দোকানটি খোলা থাকে রাত ১২টা থেকে একটা পর্যন্ত।এখানে দুধ পরিবেশনের ধরনই অন্য রকম। কড়াইয়ে জ্বালানো দুধ নেওয়া হয় একটি অ্যালুমিনিয়ামের ছোট্ট মগে। সেই মগ থেকে বড় একটি স্টিলের মগে উঁচু থেকে দুধ ঢালা হয় বেশ কায়দা-কসরত করে। এরপর সামান্য চিনি মিশিয়ে ঢালা হয় কাচের গ্লাসে। আর পরিবেশনের আগে গ্লাসে দেওয়া হয় ঘন মালাই। তারপর তা তুলে দেওয়া হয় ক্রেতার হাতে।দোকানের মেঝেতে বড় দুটি কড়াইয়ে দুধ নাড়ছিলেন দোকানি ননী গোপাল। হাতের লোহার চামচ একবার সামনের দিকে আর একবার পেছনে টেনে নিয়ে জ্বাল দিচ্ছিলেন দুধ। ননী গোপাল ঘোষের বয়স ৭৮ বছর। তিনিই জানালেন দোকানের ইতিবৃত্ত। দোকানটির বয়স নব্বই ছুঁই ছুঁই। ননী গোপালের বাবা শ্রী রজনী কান্ত ঘোষ দোকানের গোড়াপত্তন করেন। সেটা ১৯২০ বা তার পর পরই। তখন ঢাকার জনসংখ্যা ছিল কম। তবু নিয়মিত অল্প কিছু ক্রেতা আসতেন, তাঁরা দুধপান করতেন এবং আড্ডাও চলত। রাত বাড়লে তাঁরাও চলে যেতেন। অবশিষ্ট দুধ নিয়ে বসে থাকতে হতো। শেষতক রাস্তার নর্দমায় দুধ ফেলে দোকানের বেড়ার ঝাপ ফেলে পা বাড়াতে হতো বাড়ির দিকে। পাকিস্তান আমলেও ঘটেছে এমন ঘটনা। আর এখন? দোকানে দুধপ্রেমীদের ঠাঁই দেওয়াই কষ্টকর হয়ে দাঁড়ায়। ‘এখন ব্যবসা ভালো। ঢাকায় লোকজন বেশি, চাহিদা বেশি। আমার বেচাকিনিও বেশি।’ বলছিলেন ননী গোপাল ঘোষ। ননী গোপাল ঘোষের ছেলে সমর ঘোষ এখন হাল ধরেছেন দোকানটির। কিন্তু ননী গোপাল এখনো আসেন দোকানে। এখন তাঁর দোকানে দুধের পাশাপাশি মালাই আর জিলাপিও পাওয়া যায়।দুধের স্বাদ তো সবারই জানা আছে। কিন্তু বেঞ্চিতে বসে গ্লাসভর্তি ধোঁয়া ওঠা খাঁটি দুধের স্বাদ নিতে হলে যেতে হবে রথখোলায়, ননী গোপালের দোকানে।