নন্দনে আনন্দধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি! কিসের বৃষ্টি? কে তাকে পাত্তা দেয়? সারা দেশের নয় লাখের বেশি প্রতিযোগীর সঙ্গে মেধার লড়াই করে যারা শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তারা কেন পাত্তা দিতে যাবে ছিটেফোঁটা বৃষ্টিকে? অতএব বর্ষার মেঘ যেমন নেমেছিল বৃষ্টি হয়ে, তেমনি তারাও নেমে পড়েছিল মাঠে তুমুল শোরগোল করে। নন্দন পার্কের মাঠ গতকাল শনিবার একদিকে ভিজেছে শ্রাবণের জলধারায়, অন্যদিকে হাজার হাজার কৃতী শিক্ষার্থীর সপ্রাণ উচ্ছ্বাসে হয়ে ওঠে উল্লসিত। সব মিলিয়ে শ্রাবণের জলধারা যেন বয়েছিল আনন্দধারা হয়ে।এদিন ছিল ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। প্রথম আলো ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির আয়োজনে এ সংবর্ধনা মূলত এখন সারা দেশের কৃতী শিক্ষার্থীদের কাছেই একটি অত্যন্ত আকর্ষণীয় উৎসবে পরিণত হয়েছে। তাদের কাছে এ আনন্দযজ্ঞে অংশ নেওয়া যে কী গভীর আকাঙ্ক্ষার বিষয়, তার প্রমাণ পাওয়া গেল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের বিপুল অংশগ্রহণে।কাঁঠালগাছের তলায় ছাতা মাথায় দাঁড়িয়ে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা শাহিদুল আউয়াল। থাকেন মিরপুরে। ছেলে এ এন এম নাফিস হাফিজ মাঠের মধ্যে কোথাও না কোথাও বন্ধুদের সঙ্গে দলবেঁধে ঘুরছে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে বিজ্ঞানে পাস করে ভর্তি হয়েছে নটর ডেম কলেজে। রাত থেকেই বৃষ্টি হচ্ছিল। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তাড়াহুড়ো করে বাবা-ছেলে ঘর থেকে বেরিয়ে পড়েছেন, কিন্তু সুবিধামতো যানবাহন নেই। যখন এক অটোরিকশাচালককে রাজি করিয়ে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা মাঠে এসে পৌঁছান, তখন ছেড়ে গেছে সব গাড়ি। বাবা বললেন, ‘ছেলে তো পাগল হয়ে উঠল। যে করেই হোক, আসা চাই।’ অগত্যা গাবতলীতে গিয়ে বাসে উঠে বাবা-ছেলে নেমেছেন নন্দনে।ঢাকা ও আশপাশের জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা হবে দুই দিন। গতকাল প্রথম দিন ছিল শুধু ঢাকা মহানগরের ছয় সহস্রাধিক শিক্ষার্থীর সংবর্ধনা। ঢাকা, গাজীপুর, সাভার, ধামরাই ও কালিয়াকৈরের পাঁচ হাজার শিক্ষার্থীর সংবর্ধনা হবে আজ রোববার। অংশ নেওয়ার জন্য নিবন্ধন পর্ব আগেই সম্পন্ন হয়েছে। শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ থেকে যাত্রা শুরু। ১০০ বাস প্রস্তুত। ছাত্র ও ছাত্রীদের পৃথক বাহন। বন্ধুসভার কর্মী বাহিনী নিবন্ধনপত্র দেখে তাঁদের তুলে দিয়েছেন গাড়িতে। পুরো আয়োজনের ব্যবস্থাপনায়ও ছিলেন তাঁরা। প্রথম গাড়ি ছেড়েছে ছয়টা ১৫ মিনিটে। আটটায় শেষ গাড়ি। সূর্য মুখ লুকিয়ে আছে ধূমল মেঘের আড়ালে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো সেই রাত থেকেই বিরামহীন।কেউ কেউ ছাতা এনেছিল। কিন্তু নন্দনের ফটক পার হতেই কে আর ওই ঝামেলা বয়ে বেড়াবে মা-বাবা ছাড়া? অতএব তাঁদের হাতেই সেটি ধরিয়ে দিয়ে ছেলেমেয়েরা বন্ধুদের সঙ্গে দলবেঁধে দে ছুট। যদি জ্বর-সর্দি হয়? শিফতাহুল জান্নাতের সাফ জবাব, ‘হলে হবে। বাসায় তো এমন করে বৃষ্টিতে ভিজতে পারি না।’ বাবা আয়কর বিভাগের চাকুরে তৌফিক ইমাম হোসেন আর মাকে নিয়ে সে এসেছিল নন্দনে।অভিভাবকেরা বসে ছিলেন খাবার দোকান আর বসার ছাউনিগুলোর তলায়। ছেলেমেয়ের দল লাইন দিয়েছে রাইডগুলোর সামনে, আর সনদ ও ক্রেস্ট নেওয়ার জন্য। বেলা ১১টা থেকে শুরু হয়েছিল সনদ বিতরণ। বারিধারাও হালকা হয়ে আসছিল ক্রমেই। খুব মিহি বিন্দুু। ঝিরঝিরে হাওয়া। একটা পর্যায়ে আবহাওয়াটা ছোটাছুটি করে বেড়ানোর জন্য বরং বেশ উপযোগীই হয়ে উঠেছিল। একটু কেবল সাবধানতা—পা হড়কে যেন না যায়। বৃষ্টির দিনে ওটুকু তো লাগবেই। এক ফাঁকে দেওয়া হলো দুপুরের খাবার।বেলা একটা থেকে অনুষ্ঠান শুরু। ঘাসে ঢাকা খোলা মাঠে মঞ্চ। সামনে মাথায় রবির লোগো আঁকা লাল রুমাল বেঁধে হাজির সবাই। সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন প্রথমেই তাঁদের জিজ্ঞাসা করলেন, ‘বৃষ্টি ভালো না মন্দ?’ দেখা গেল, ভালোর পক্ষেই বিপুল ভোট। অতএব কণ্ঠভোটে পাস হলো ‘বৃষ্টি ভালো’। শুনে বোধ হয় বৃষ্টিরও ভালো লাগল। ছেড়েই গেল একসময়।ভিকারুননিসা নূন স্কুলের নেহা চিকিৎসক হবে। গানও গাইতে পারে। গাইতে পারে আরও অনেকেই। সঞ্চালকের অনুরোধে মঞ্চের এক পাশ থেকে ছেলে অন্য পাশ থেকে মেয়েরা গেয়ে শোনাল: ‘একটি বাংলাদেশ’, ‘ও আমার বাংলা মাগো’, ‘ধনধান্য পুষ্পভরা’সহ বেশ কয়েকটি গানের দু-চার লাইন। গানের পাশাপাশি তারা গগনবিদারী চিৎকার দিয়ে নিজেদের স্কুল, শিক্ষক আর মা-বাবার প্রতি জানিয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।এরপর মঞ্চে এসেছিলেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম, সঙ্গে স্ত্রী সহকারী জজ উম্মে সরাবন তহুরা। মুসা লক্ষ্যে অবিচল থেকে মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাওয়ার প্রেরণা দিলেন নবীন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের। প্রথম আলোর উপসম্পাদক, লেখক আনিসুল হক মজার মজার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের উৎফুল্ল করে তোলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে মাদককে ‘না’ ধ্বনিতে প্রত্যাখ্যান করে নবীনের দল। গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদকজয়ী নাজিয়া চৌধুরী, তারিক আদনান ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান জানালেন তাঁদের অভিজ্ঞতা। অণুকাব্য শোনালেন প্রথম আলো বন্ধুসভার সম্পাদক সাইদুজ্জামান রওশন, নন্দন গ্রুপের চেয়ারম্যান ও সিইও মশুরুর চৌধুরী। উৎসাহ জোগালেন নবীনদের ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হয়ে ওঠার জন্য। আয়োজনের সহযোগী ছিল নন্দন পার্ক এবং মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও দেশ টিভি।আকাশ মেঘে ঢাকা, কিন্তু মঞ্চে তারকার উদয়। করতালি আর হর্ষধ্বনিতে যেন ফেটে পড়ল নন্দন চত্বর। এ পর্ব শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারীর উপস্থিতির মধ্য দিয়ে। সরস গল্পে হাসির ফোয়ারা ছুটিয়ে দিলেন তিনি মঞ্চের সামনের সমাবেশে। কুমার বিশ্বজিৎ ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘ও ডাক্তার’ এই দুটি গানই গাইতে চেয়েছিলেন। কিন্তু এত সহজেই কে তাঁকে ছাড়বে? ও দুটি গাওয়ার পর বিপুল গণদাবির মুখে তাই আরও দুটি গান গাইতে হলো তাঁকে। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ এবং ‘একদিন বাঙালি ছিলাম রে’ গেয়ে শুনিয়ে তবে মঞ্চ থেকে যেতে পারলেন জননন্দিত এই শিল্পী। নবদম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা মঞ্চে আসতেই করতালিতে অভিনন্দন জানানো হলো তাঁদের। তিশা ‘বাহির বলে...’ গেয়ে শোনালেন দু-চার লাইন। এরপর ফজলুর রহমান বাবু। গাইতে হলো তাঁকেও সেই জনপ্রিয় গানটি: ‘নিথুয়া পাথারে’। তারপর আরও একটি ‘অল্প না বয়সের সখিনা’। চলচ্চিত্রাভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানালেন নবীন শিক্ষার্থীদের। তারপর আবারও গান আর গান। বর্তমান সময়ের জনপ্রিয় টিভি তারকা মোশাররফ করিমের কাছেও শ্রোতাদের আবদার গানের জন্য। তিনিও গেয়ে শোনালেন ‘সোনা বউদিদি গো দরজা খোলো বাত্তি জ্বালাও’। ন্যান্সি শোনালেন ‘বাহির বলে’। শফিক তুহিন শোনান ‘ভালোবাসি’ এবং শেষে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গেয়ে মাতিয়ে তুলেছিলেন ফাহমিদা নবী। বৃষ্টি তো আগেই চলে গেছে। সেই কাকভোরে বৃষ্টিকে উপেক্ষা করে ঘর ছেড়েছিল যারা, শুরু হলো তাদেরও ঘরে ফেরার পালা।