নন্দনে জিপিএ-৫ পাওয়া কৃতীদের সংবর্ধনা
রাজধানী ঢাকার নন্দন পার্কে আজ শনিবার সকাল ১০টার দিকে শুরু হয় নগরের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতীদের সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানটি বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন। বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, সাংসদ ও অভিনেত্রী তারানা হালিম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, কথাসাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক প্রমুখ।বক্তব্য দেওয়ার সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সবাই মিলে দেশটাকে পরিবর্তন করতে হবে। সমাজ, রাষ্ট্র ও পরিবারকে বদলে দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা কি বদলে দিতে পারবে?’ শিক্ষার্থীরা জোর দিয়ে বলে, ‘পারব।’সংবর্ধনা অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, দেশকে দুই রকমভাবে ভালোবাসা যায়। একটা হলো আবেগ। আরেকটা হলো কাজ। তিনি বলেন, আমার কাজ ভালো পত্রিকা করা। তোমাদের কাজ পড়াশোনা আর খেলাধুলা। মাহফুজ আনাম এ সময় শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে তোমাদেরকে ইংরেজি শিখতে হবে।অনুষ্ঠানে শিল্পী আসিফ আকবর, ব্যান্ড দল এলআরবি, কনা, ক্লোজআপ তারকা কিশোর, আতিক, পলাশ সংগীত পরিবেশন করেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় প্রথম আলো জিপিএ-৫ পাওয়া কৃতীদের প্রতিবছরেই সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন ও এবিসি রেডিও।