নন্দনে প্রাণের স্পন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেকের দুটি করে সুযোগ। হাত পাঁচেক দূর থেকে বল ছুড়ে ফেলতে হবে লম্বা থামের মাথায় লাগানো বোর্ডের সঙ্গে আটকানো জাল দিয়ে ঘেরা রিঙের ভেতর। বাস্কেট বল খেলার মিনি সংস্করণ। টানা ২৩ জনের ব্যর্থতার পর প্রথমবারেই সফল হলো সঞ্জয় শর্মা। হইহই রব উঠল তার পেছনে দাঁড়ানো লম্বা লাইনে। বন্ধুরা প্রায় চ্যাংদোলা করে নিয়ে এল রিঙের সামনে থেকে। এমন অভ্যর্থনায় সঞ্জয়ের মুখে খানিকটা গর্ব, খানিকটা বিব্রতবোধে মাখামাখি হাসি। বলল, ‘ভালোই লাগছে। বেশ মজা করছি সবাই মিলে।’গতকাল শুক্রবার নন্দন পার্কে রিঙে বল ফেলার কৃতিত্বের নেপথ্যে আরও একটি বড় কৃতিত্ব কাজ করেছিল সঞ্জয়ের ক্ষেত্রে। এবার এসএসসি পরীক্ষায় সে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সেই কৃতিত্বের সূত্রেই তার নন্দনে আসা, প্রথম আলোর দেওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিতে। এখন সে পড়ছে বিএএফ শাহীন কলেজে। জীবনের লক্ষ্য কম্পিউটার প্রকৌশলী হওয়া। সেই লক্ষ্য অর্জনেও কি এমন সফল হওয়া যাবে? সঞ্জয়ের কণ্ঠে দৃঢ় প্রত্যয়, ‘আশা করি পারব।’ তারপর বন্ধুরা মিলেমিশে গেল তাদের মতোই আনন্দে মাতোয়ারা হাজার জনের ভিড়ে।নন্দন গতকাল সকাল থেকেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল হাজারো নবীন প্রাণের স্পন্দনে। ঝংকৃত হয়েছিল বাজনায়, মন্দ্রিত হয়েছিল সুরে সুরে। ঢাকা মহানগরের প্রায় পাঁচ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সমাগমে। অনেকের সঙ্গে তাদের অভিভাবকেরাও ছিলেন। সকাল ছয়টা থেকে বাস ছাড়া শুরু হয়েছিল শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে। ১০০ বাস। ছেলে ও মেয়েদের আলাদা। নাম নিবন্ধন হয়েছিল আগেই। প্রবেশপত্র আর দুপুরের খাবারের কুপন নিয়ে দল বেঁধে বাসে ওঠা। তারপর হইহই রইরই করে নন্দন অভিমুখে সানন্দে যাত্রা।ঢাকা মহানগর ও গাজীপুর জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী। দুই দিনে তাদের সংবর্ধনা দিচ্ছে প্রথম আলো। পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। নাম নিবন্ধন হয়েছে প্রায় ১১ হাজার। গতকাল প্রথম দিন পাঁচ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আজ দ্বিতীয় দিনে মহানগর ও গাজীপুরের অবশিষ্ট শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এই আয়োজনে নন্দন পার্ক, এবিসি রেডিও সহায়তা দিয়েছে। টিভি চ্যানেল মাছরাঙা অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব সরাসরি সম্প্রচার করছে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা করেছেন ব্যবস্থাপনার কাজ।একটি করে বাস এসে থামছিল নন্দনের ফটকের সামনে। লাইন দিয়ে ভেতরে ঢুকেই সবাই যেন হয়ে গেল ডানা মেলা রঙিন প্রজাপতি। বন্ধুদের সঙ্গে ছোট ছোট দলে ঘুরে বেড়ানো। রাইডগুলোর সামনে লাইনে দাঁড়ানো, সনদ ও ক্রেস্ট নেওয়ার জন্য আরেক দফা লাইন বন্ধুসভার বুথের সামনে। এসব করতে গিয়েই ঘনিয়ে এল দুপুরের খাবারের সময়। রোদও ছিল প্রখর। আসলে দিনের শুরুতে মেঘলাই ছিল আকাশ। তারপর হাজার হাজার কৃতী শিক্ষার্থী যখন মেতে উঠল আনন্দ-উল্লাসে, তখন যেন তাদের মনে হলো, এভাবে মুখ ঢেকে রাখলে নেহাতই বঞ্চিত হতে হবে এমন আনন্দযজ্ঞ থেকে। অচিরেই আকাশে তার দীপ্ত আবির্ভাব। অতঃপর অস্তগত হওয়ার আগ পর্যন্ত ঊর্ধ্ব গগন থেকে সূর্য মামা নির্নিমেষ তাকিয়ে দেখেছেন ধরণিতলের এই অনন্য উল্লাস।মেয়ে আফরা শাইয়ারাকে সঙ্গে নিয়ে এসেছিলেন ডা. এ কে এম আতাউর রহমান। মেয়ে তার বান্ধবীদের সঙ্গে কোথায় না কোথায় ঘুরছে। মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে মুঠোফোনে। মন্তব্য করলেন, ‘রাজউক উত্তরা মডেল স্কুল থেকে মেয়ে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। এ ধরনের আয়োজন ওদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে অনুপ্রেরণা দেবে মনে করেই মেয়ের মতো তিনি নিজেও সমান আগ্রহে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ফারজানা নূর রহমান ভিকারুননিসা নূন স্কুল থেকে বিজ্ঞানে কৃতিত্ব দেখিয়েছে। সে এসেছে মা নিলুফার নূরের সঙ্গে। জেনেটিকসে পড়ার ইচ্ছা তার। রোলার কোস্টারে উঠতেই বহু সময় গেছে তার লম্বা লাইনে দাঁড়িয়ে। তবে সবাই মিলে মজা হচ্ছিল খুব। আসলে সবারই খুব তাড়া। দুপুরের আগেই রাইডে যা ওঠার, উঠে পড়তে হবে। তারপর তো মঞ্চে জাঁকালো আয়োজন, সেটি বাদ দেওয়া যাবে না। কাজেই, কথা বলে সময় খোয়ানোর সময় কোথায় তাদের। জিজ্ঞেস করলে সবার মুখে সেই একই কথা ‘খুব মজা। আচ্ছা, আসি’ বলেই দে ছুট।বেলা দুইটায় সরব হলো মঞ্চ। সামনে, উভয় পাশে অগণিত কালো কালো মাথা, প্রত্যয়দীপ্ত দুই হাত ঊর্ধ্বে তোলা। কখনো কখনো সেসব হাতের করতালিতে মুখর হয়ে উঠছিল পরিবেশ। সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের আহ্বানে করতালি দেওয়া হচ্ছিল অভিভাবকদের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। ওদের মধ্যে কয়েকজন দু-এক লাইন গানও গেয়ে শোনাল। তবে মঞ্চে গানের পালা শুরু হলো চ্যানেল আই সেরা কণ্ঠের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি দিয়ে। পরের গানটি ‘মন তুমি ভাসালে’। দুটি করে গান করেছেন অধিকাংশ শিল্পী। ক্লোজআপ ওয়ানের আতিক ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ ও ‘পাগলা হাওয়া’, মুহিন ‘বাবা বলেছে ছেলে’ ও ‘রেললাইনের ওই বস্তিতে’ গানগুলো গেয়ে শোনান।এভারেস্টজয়ী নিশাত মজুমদার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এলেন। কৃতী শিক্ষার্থীরাও তাঁকে অভিনন্দিত করল ‘নিশাত’ ‘নিশাত’ ধ্বনিতে। মঞ্চে এলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বললেন, ‘এখন পাঁচ লাখ কাগজ ছাপা হচ্ছে প্রতিদিন। এই দিক থেকে প্রথম আলোও তোমাদের মতো জিপিএ-৫।’ মূল পত্রিকার পাশাপাশি বিশ্বের ১৮৯টি দেশের বাংলা ভাষাভাষী মানুষ অনলাইন ও ই-প্রথম আলো পড়ছেন। রোজ প্রায় ৬০ লাখ পাঠক প্রথম আলো পড়ে থাকেন। এসব তথ্যের পাশাপাশি প্রথম আলোর নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের পরিচিতি তুলে ধরেন তিনি। তিনি শিক্ষার্থীদের প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহ্বান জানান।নন্দন গ্রুপের চেয়ারম্যান মাকসুদ চৌধুরী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শুভেচ্ছা জানান ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। শিল্পী তৌসিফ গেয়ে শোনান ‘দূরে কোথাও’।হঠাৎ করেই নেপথ্যে থেকে ভেসে এল ‘সব সখীরে পার করিতে’ গানের রেশ, আর সেই গানের রেশ ধরেই মঞ্চে এলেন ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কবরী। এখন অবশ্য সাংসদ হিসেবেই তাঁর পরিচিতি। মঞ্চে এসে তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিলেন। ওদের সঙ্গে নিয়ে দুই লাইন গানও গাইলেন, ‘সে যে কেন এলো না কিছু ভালো লাগে না’।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরাসরি মিশে গিয়েছিলেন ওদের মধ্যে। মন্ত্রীকে কাছে পেয়ে তারা অভিভূত। মন্ত্রী মঞ্চে উঠে বললেন, ‘স্বাধীনতার ৪০ বছর পার হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এত ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা। কিন্তু এখনো দেশের অর্ধেক মানুষ দরিদ্র। অর্ধেক মানুষ নিরক্ষর। দেশকে এই দারিদ্র্য, নিরক্ষরতা ও দুর্নীতি থেকে মুক্ত করতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। মর্যাদাশীল জাতি হিসেবে মাথা তুলে আমাদের দাঁড়াতে হবে। শিক্ষাজীবনে যেমন কৃতিত্ব অর্জন করেছ, কর্মক্ষেত্রেও তেমন কৃতিত্ব অর্জন করতে হবে।’এ পর্যায়ে শুরু হয় টিভিতে সরাসরি সম্প্রচারিত শিক্ষার্থীদের মন্তব্য পর্ব অনুষ্ঠান। এটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।অনুষ্ঠান চলছিল কিছু আলোচনা, কিছু গান, কিছু মন্তব্যের সমন্বয়ে। অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনন্দন জানাতেই এসেছিলেন। কিন্তু বিপুল অনুরোধে তাঁকে ‘নিধুয়া পাথারে’ গানটি গেয়ে শোনাতেই হলো। কুমার বিশ্বজিৎ গেয়ে শোনালেন ‘ও ডাক্তার’, ‘তোরে পুতুলের মতো’ এবং ‘তোমরা একতারা’। গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক পাওয়া সামিন রিয়াসাত ও তারিক আদনান। তাঁদের সঙ্গে অভিনন্দন জানাতে আসেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের বললেন, ‘আগামী ২০ বছর পর তোমরাই দেশের নেতৃত্ব দেবে। দেশটা বদলাতে হবে। তাই নিজেদের বদলাতে হবে আগে। প্রথম আলো সেই বদলের আহ্বান জানিয়ে যাচ্ছে।’ তাঁর সঙ্গে তরুণ শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলে তা প্রত্যাখ্যান করার প্রত্যয় ব্যক্ত করে।এরপর এসেছিল মাইলস তাদের গান শোনাতে। ‘চাঁদ তারা সূর্য নও’, ‘নীলা তুমি’, ‘জ্বালা জ্বালা’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে মাইলস। ডা. মোহিত কামাল মাদকের ভয়াবহতা তুলে ধরেন। ততক্ষণে ছায়া নেমে এসেছে গাঢ় হয়ে। বেলা ডুবুডুবু। ফিরে আসার পালা। সব আনন্দই শেষ হয়। থাকে তার রেশ, থাকে স্মৃতি। সেটি নিয়েই ফিরেছিল কৃতী সন্তানেরা, যারা খানিক আগেই দৃঢ় কণ্ঠে বলেছে, বদলে দেবে দেশের ভবিষ্যৎ।