নন্দিত নন্দিতার কাছাকাছি
লিফট থেকে নেমে নন্দিতা দাশ আমাদের খুঁজলেন। দেখে হাসলেন। জানা ছিল, প্রথম আলো আর ডেইলি স্টার-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে কথা বলা হবে। আমাদের হয়ে সাক্ষাৎকারটি নেবেন সাজ্জাদ শরিফ। আমরা থাকব সঙ্গে।দিনটি ছিল গত বুধবার। রূপসী বাংলা হোটেলের লবিতে মানুষ। গুঞ্জন। কথা বলার জন্য চাই একটু নির্জনতা। তাই জুতসই জায়গার খোঁজে লবি থেকে ছয়জনের দলটির পদযাত্রা। সেই যাত্রা শেষ হলো সুইমিংপুলের পাশে এসে।দেশি-বিদেশি অনেক ভাষাই নন্দিতা দাশের করায়ত্ত। তবে বাংলা আর ইংরেজির যেটিতে যখন স্বাচ্ছন্দ্য, সেই ভাষায়ই তখন কথা বলে গেলেন তিনি।সূর্যের আলো নিভে গেছে। কিন্তু অনায়াসে কথামালায় আলো ছড়াচ্ছিলেন নন্দিতা দাশ। শুরুতেই বললেন নাট্যমঞ্চের কথা। ওখানেই অভিনয়ের সঙ্গে বোঝাপড়ার শুরু। পথনাটক আর মঞ্চনাটকের মধ্যেও যে বিশাল পার্থক্য, সেটাও তখন থেকেই বুঝেছেন তিনি। উড়িয়া চিত্রশিল্পী-বাবা যতীন দাশ আর গুজরাটি লেখক-মা বর্ষা (ভার্সা) দাশের সন্তান নন্দিতা দাশের জন্ম দিল্লিতে। বাড়ির আশপাশে নানা ধরনের ভাষার মধ্যেই ছিল তাঁর বসবাস। ফলে একই সঙ্গে অনেকগুলো ভাষার সঙ্গে ছিল তাঁর মিতালি। ‘আমি যখন বাংলা ছবি করি, তখন অনেকেই বলেন, আরে! ও তো বাঙালি! যখন তামিল ভাষায় ছবি করি, কেউ কেউ বলে, মেয়েটা তামিল। এ রকম হয়।’—বলে হাসলেন নন্দিতা দাশ।নন্দিতা দাশ এসেছেন হে উৎসবে যোগ দিতে। আমাদের সঙ্গে কথা হওয়ার পর উৎসবের তিনটি অধিবেশনে অংশ নিয়েছেন। সে আলোচনার একটি আবার আবর্তিত হয়েছে তাঁর পরিচালনায় নির্মিত ফিরাক ছবিটি নিয়ে। ফিরাক মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। গুজরাট ট্র্যাজেডির ছয় বছর পর। কাঠামোগতভাবেও ছবিটি বিচিত্র। ভিন্ন ভিন্ন কয়েকটি গল্প। কেউ গুজরাট ট্র্যাজেডির শিকার, কেউ সেই ট্র্যাজেডির সময় ভয়ে নীরব দর্শক, কেউ সেই ট্র্যাজেডির হোতা। তাদের নিয়েই এই ছবি। ফিরাক কীভাবে করা হলো, তা নিয়েও কিছু কথা বললেন তিনি, ‘তখন আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা নিয়ে একটি ছবির চিত্রনাট্য লেখার কথা ভাবছি। কিন্তু হঠাৎ কী হতে কী হয়ে গেল, আমি ফিরাক লিখতে বসলাম। এর আগে আইডেন্টিটি অ্যান্ড নেশন অব আদার—এই বিষয়টি নিয়ে ৫২টি কলেজে কথা বলেছি। সেখানে দেখলাম, কত বিচিত্র ধরনের হাজার হাজার ভাবনা মানুষের মনে। সেই থেকে এই ছবি করা। আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথম ছবি হিসেবে এত জটিল একটা বিষয় বেছে নিলে কেন? আমি বলেছি, আমি কোথায় বেছে নিলাম? ফিরাকই আমাকে বেছে নিয়েছে।’ফিরাক ছবিটি অনেকগুলো পুরস্কার ঘরে তুলেছে। ‘এশিয়ান ফেস্টিভাল অব ফার্স্ট ফিল্ম’-এ সেরা ছবি, সেরা চিত্রনাট্যের পুরস্কার, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিশেষ পুরস্কারসহ আরও অনেক পুরস্কার। আর্থ, বাওয়ানদার, আমার ভুবন আর কামলি ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সামগ্রিক কাজের জন্য ফরাসি সরকারের অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারসও পেয়েছেন তিনি। নন্দিতা দাশ বললেন, ‘টিপিক্যাল হিন্দি ছবি আমাদের পরিবারে কেউ দেখেনি। আমরা এগুলোর মধ্য দিয়ে বড় হইনি। আমাদের বাড়িতে অনেক দিন টেলিভিশন আসেনি। অনেকেই বলেছেন, তুমি অন্য ধরনের ছবিতে অভিনয় করে দ্যাখো। তোমার ইমেজ পরিবর্তন হয়ে যাবে। শাবানা আজমি করেছেন, স্মিতা পাতিল করেছেন। কিন্তু মুশকিল হলো, যিনি নিরামিশভোজী, তাঁকে যদি আপনি বলেন, চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি কী চমৎকার, সেটা কিন্তু তাঁর ভালো লাগবে না।’নন্দিতার আরেকটি কথায় বেশ হাসির রোল উঠল। পিতাহ নামে একটি ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্তের সঙ্গে। ‘আমার জন্য এটা অনেকটা মেইনস্ট্রিম। তাদের জন্য নয়। একই সাংবাদিক সঞ্জয়দাকে প্রশ্ন করছেন, আর্ট ফিল্মে অভিনয় করতে কেমন লাগল? আর আমাকে, একটি মেইনস্ট্রিম ছবিতে অভিনয় করতে কেমন লাগল? একটি ছবিই অভিনয়শিল্পীর কারণে আর্ট ফিল্ম হচ্ছে, বাণিজ্যিক ছবি হচ্ছে!’মৃণাল সেন, মনি রত্নম, শ্যাম বেনেগালসহ বিভিন্ন ছবির পরিচালকদের কথা বলতে থাকেন নন্দিতা দাশ। বলেন, ‘চলচ্চিত্র শিল্প একটিমাত্র নিয়মে চলে না। একেক পরিচালক একেকটি পথ তৈরি করেন। সবই তাঁদের নিজস্ব পথ।’ফায়ার, আর্থ, আমার ভুবন, শুভ মহরত, কান্নাকি, মাটি মাই, পিতাহসহ বাংলা, হিন্দি, রাজস্থানি, উর্দু, তামিল, উড়িয়া, মারাঠি, তেলেগু, ইংরেজি, মালায়ালাম ভাষায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন তিনি। ফিরাক-এর পর নতুন কোনো ছবি পরিচালনা করছেন না। করবেন বলে ভাবছেন। পড়ার সময় হয় না বলে কষ্ট পান। ডিসেম্বরে ২০ দিন ছুটি নিয়ে একনাগাড়ে শুধু পড়বেন—এ কথা ভেবে খুবই রোমাঞ্চিত তিনি। এ বছর জেলেদের নিয়ে একটি তামিল ছবি আর আদিবাসীদের নিয়ে একটি হিন্দি ছবিও আছে মুক্তির তালিকায়। আর হ্যাঁ, সামাজিক সমস্যা নিয়ে কাজের তো বিরামই নেই তাঁর।কথা বলতে বলতে চোখের পলকে আধ ঘণ্টা কেটে যায়। নন্দিতা আবার বের হবেন। ছবি তোলার কথা বলা হলে ছড়িয়ে দেন তাঁর ট্রেডমার্ক হাসি।কাজে ডুবে থাকলেও দিনটি তাঁকে এতটুকু ক্লান্ত করতে পারেনি।