নন্দিতা-ক্যাথরিনের মজার অভিজ্ঞতা
সাহিত্যের উৎসব হলেও ভিন্ন অনেক বিষয়ই যুক্ত হয়েছে হে উৎসবে। এর মধ্যে চলচ্চিত্র ছিল। গতকাল দ্বিতীয় দিনের অধিবেশনের প্রথমার্ধে ছিল ডেব্যু ডিরেক্টরস চলচ্চিত্র নিয়ে আলোচনা।প্রধান মিলনায়তনে এই আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতের প্রখ্যাত অভিনয় শিল্পী ও নির্মাতা নন্দিতা দাশ ও বাংলাদেশের নির্মাতা ও প্রযোজক ক্যাথরিন মাসুদ। এ পর্ব সঞ্চালনা করেন শর্বরী জোহরা আহমেদ।নন্দিতা দাশ তাঁর ফিরাক চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একটি মজার ঘটনার উল্লেখ করেন। চলচ্চিত্রটির জন্য তিনি বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওরা এসেই নাচ-গান শুরু করে দেয়। ওদের ধারণা ছিল, সিনেমা মানেই নাচ-গান হবে। কিন্তু ওই সিনেমায় নাচ-গান থাকবে না জেনে বাচ্চাগুলোর মন খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত হতাশ হয়ে তাদের ফিরে যেতে হয়।অন্যদিকে ক্যাথরিন মাসুদও বলেছেন মাটির ময়না নিয়ে এক চমৎকার অভিজ্ঞতার কথা। এ সিনেমায় রোকন নামের একটি চরিত্রে যে কিশোরকে মনোনীত করা হয়েছিল, তাকে তারেক মাসুদ তুলে এনেছিলেন সমাজের সুবিধাবঞ্চিত স্তর থেকে। ছেলেটি ছিল পকেটমার। সেটে তারেক সবাইকে কৌতুকের ছলে বলেছিলেন, সবাই পকেট সাবধানে রাখবেন। শুটিং শেষে দেখা গেল সবার পকেট ঠিক আছে, মানিব্যাগ উধাও হয়েছে তারেক মাসুদের পকেট থেকে। খুব মজা হয়েছিল সেই ঘটনায়।