নন্দীগ্রামে সহিংসতার ঘটনায় ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনে পুলিশের শৈথিল্য ও অবহেলার অভিযোগে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে গতকাল মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদে জামায়াত-শিবিরের চালানো গত রোববারের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।পুলিশ সূত্র জানায়, গতকাল পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহিদুল ইসলাম নন্দীগ্রাম উপজেলা পরিষদের ধ্বংসযজ্ঞ দেখতে যান। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনের শৈথিল্যের প্রমাণ পান। এর পর তিনি নন্দীগ্রাম থানার ওসিকে প্রত্যাহারের জন্য বগুড়ার পুলিশ সুপারকে নির্দেশ দেন। গতকাল রাতে তাঁকে প্রত্যাহার করা হয়।তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোজাম্মেল হক আজ বুধবার সকালে প্রথম আলো ডটকমকে বলেন, গত রোববার জামায়াত-শিবিরের কর্মীরা নন্দীগ্রাম থানায় হামলা চালান। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা উপজেলা পরিষদে হামলা করে তাণ্ডব চালান। কয়েক ঘণ্টাব্যাপী চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। পাশে থানা থাকলেও পুলিশ উপজেলা পরিষদে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার কোনো চেষ্টা করেনি। এ ঘটনায় ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে শৈথিল্যের প্রমাণ মিলেছে।ওই দিনের ঘটনার ব্যাপারে ওসি আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, হামলাকারীর সংখ্যা ছিল হাজার হাজার। তাঁরা সশস্ত্র ছিলেন। হামলাকারীর সংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা ছিল নগণ্য। বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ নিশ্চিত মারা পড়ত। এ ছাড়া জেলা সদর থেকে থানার দূরত্ব ছিল অনেক। মহাসড়কে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এসব ভেবে পুলিশ বাধা দেওয়ার ঝুঁকি নেয়নি।